সচল হলো মিটফোর্ড হাসপাতাল
টানা তিন দিন অচল থাকার পর মিটফোর্ড হাসপাতালে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অধিদপ্তরের কর্মকর্তাদের দীর্ঘ বৈঠকের পর স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। কর্মচারীরাও কাজে যোগ দিয়েছেন।
গত সোমবার গভীর রাতে শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে রক্ত পরীক্ষাগারে নিয়োজিত এক কর্মচারীর বিবাদের সূত্র ধরে মঙ্গলবার সকালে কলেজের ছাত্র ও চিকিৎসকদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষ হয়।
সেদিন ছাত্রদের হামলায় আহত হন বাবুর্চি ফজলুল হক, টিকিটম্যান টিটো, আউয়াল, খোরশেদ ও বাদল। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষ।
এরপর বুধবার একাডেমিক কাউন্সিলের সভায় কলেজ বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের বৃহস্পতিবার সকাল ৭টার মধ্যে ছাত্রাবাস ছাড়তে বলা হয়।
সংঘর্ষ ও ভাংচুরের ঘটনার পর থেকেই হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাসপাতাল সচল করতে নানা উদ্যোগ দেখা গেলেও তেমন কোনো ফল আসেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের দীর্ঘ বৈঠকের পর বৃহস্পতিবার বিকালে হাসপাতালের কর্মচারীরা কাজে যোগ দেন।
এর আগে সকালে হাসপাতালের জরুরি ও বহিঃবিভাগে কোন কর্মচারীকে দেখা যায়নি। একমাত্র রান্নাঘরটিও ছিল বন্ধ।
হাসপাতালের খাদ্য ব্যবস্থাপক গোলাম মোস্তফা বলেন, গত তিনদিনের মধ্যে শুধু মঙ্গলবার রোগীদের দুপুরের খাবার বিকালে দেয়া হয়েছে। কর্মচারীরা না আসায় এরপর থেকে আর রোগীদের আর খাবার দেয়া সম্ভব হয়নি।
অন্যদিকে কলেজ বন্ধ ঘোষণা ও ছাত্রাবাস খালি করার নির্দেশের পরও কেন কাজে যোগ দিচ্ছেন না জানতে চাইলে হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, “ছাত্রাবাস খালি করতে বলা হলেও ছাত্ররা এখনও রয়েছেন। কর্মচারীরা নিরাপত্তার অভাবে কাজে যেতে পারছে না।”
