২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিটফোর্ড হাসপাতালে অচলাবস্থা, ভোগান্তিতে রোগীরা

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের অচলাবস্থার উন্নতি হয়নি। প্রয়োজনীয় সেবা ও খাবার না পেয়ে হাসপাতাল ছাড়তে শুরু করেছেন রোগীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 05:37 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

গত সোমবার গভীর রাতে শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে রক্ত পরীক্ষাগারে নিয়োজিত এক কর্মচারীর বিবাদের সূত্র ধরে  মঙ্গলবার সকালে কলেজের ছাত্র ও চিকিৎসকদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষ হয়।

সেদিন ছাত্রদের হামলায় আহত হন বাবুর্চি ফজলুল হক, টিকিটম্যান টিটো, আউয়াল, খোরশেদ ও বাদল। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষ।

বুধবার একাডেমিক কাউন্সিলের সভায় কলেজ বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের বৃহস্পতিবার সকাল ৭টার মধ্যে ছাত্রাবাস ছাড়তে বলা হয়।

সংঘর্ষ ও ভাংচুরের ঘটনার পর থেকেই হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। গত দুই দিনের মতো তৃতীয় দিন বৃহস্পতিবারও রোগীদের খাবার সরবরাহ করা হয়নি।

এদিনে সকালে হাসপাতালের জরুরি ও বহিঃবিভাগে কোন কর্মচারীকে দেখা যায়নি। একমাত্র রান্নাঘরটিও ছিল বন্ধ।

হাসপাতালের খাদ্য ব্যবস্থাপক গোলাম মোস্তফা বলেন, গত তিনদিনের মধ্যে শুধু মঙ্গলবার রোগীদের দুপুরের খাবার বিকালে দেয়া হয়েছে। কর্মচারীরা না আসায় এরপর থেকে আর রোগীদের আর খাবার দেয়া সম্ভব হয়নি।

কলেজ বন্ধ ঘোষণা ও ছাত্রাবাস খালি করার নির্দেশের পরও কেন কাজে যোগ দিচ্ছেন না জানতে চাইলে হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, “ছাত্রাবাস খালি করতে বলা হলেও ছাত্ররা এখনও রয়েছেন। কর্মচারীরা নিরাপত্তার অভাবে কাজে যেতে পারছে না।”

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ দিলীপ চন্দ্র ধর বলেন, “অনেক শিক্ষার্থী ছাত্রাবাস ছেড়েছে। অবরোধের কারণে সবাই যেতে পারছে না। বিষয়টি মানবিক দৃষ্টিকোন থেকে দেখতে হবে।”

জরুরি বিভাগের চিকিৎসক সহদেব রাজবংশী ও আব্দুর রশীদ জানান, টিকিটকর্মীরা না আসায় গত দুই দিনের মতো বৃহস্পতিবারও তারা কোনো রোগী পাননি।

হাসপাতালের উপপরিচালক আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত তিন দিনে নতুন করে কোনো রোগী ভর্তি হতে আসেননি। এছাড়া প্রয়োজনীয় সেবা না পেয়ে রোগীরা অন্যত্র চলে যাচ্ছেন।