বরিশালে ধাওয়া পাল্টা-ধাওয়া, আটক ২
বরিশালে পুলিশের সাথে শিবির কর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।
কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেয়ায় প্রতিবাদে শিবির কর্মীরা সিঅ্যান্ডবি রোডে বিক্ষোভ মিছিল বের করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় সজিব ও নাঈম নামে দুই শিবির কর্মীকে আটক করে পুলিশ।
কোতয়ালী মডেল থানার এসআই গোলাম কবির জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগরীর কলেজ এভিনিউ এলাকা থেকে একদল শিবির কর্মী সিএ্যান্ডবি রোডে বের হয়।
তারা সিএ্যান্ডবি রোডে ইট বিছিয়ে কয়েক মিনিটের জন্য যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এ পর্যায়ে যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় দুই শিবির কর্মীকে আটক করা হয়েছে।
বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ান জানান, শিবির কর্মীরা শান্তিপূর্ন মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া করে।
এ সময় পুলিশের সাথে শিবির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এছাড়া বিকেল ৩টায় ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর এলাকায় শিবির কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে শিবির সভাপতি জানান।
এ ব্যাপারে বিমান বন্দর থানার ওসি মো. শহীদ উল্ল্যাহ জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর সমবায় অফিসের সামনে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে শিবির কর্মীরা।
পুলিশ তাদের ধাওয়া দিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা।
এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে বলে জানান বিমান বন্দর থানার ওসি।
