২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলে নাশকতা রোধে ‘অ্যাডভান্স পেট্রোলিং ট্রেন’

বিরোধী দলের অবরোধ ও হরতালে নাশকতা এড়াতে রেলের নিরাপত্তায় ‘অ্যাডভান্স পেট্রোলিং ট্রেন’ চালু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 09:03 PM

Updated : 23 Aug 2022, 07:27 PM

বুধবার দুপুরে রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, “ট্রলি ট্রেনের মাধ্যমে রেলপথ ‘রেকি’ করা হচ্ছে। রেকিতে রেললাইনে কোন সমস্যা ধরা না পড়লেই কেবল পণ্য এবং যাত্রীবাহী ট্রেন চলাচলের অনুমতি দেয়া হচ্ছে।”

সরকারের এ পদক্ষেপের কারণে ‘নাশকতার’ কারণে ট্রেন দুর্ঘটনা কমেছে বলে দাবি করেন তিনি।  

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের ৮০টি আন্তঃনগর ট্রেনের যাত্রার আগে রেকি ট্রলি, শাটল ট্রেন পাঠনো হচ্ছে।

এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকার স্টেশনগুলোতেও ট্রলির মাধ্যমে রেকির ব্যবস্থা করা হয়েছে, জানান তিনি।

দেশের ২ হাজার ৮৭৭ কিলোমিটার রেলেপথের ১ হাজার ৪১টি পয়েন্টেকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব পয়েন্টে দিনে দুই পালায় ১৬ জন আনসার পাহারা দিচ্ছে বলে জানান রেলমন্ত্রী।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রেলে নাশকতায় এ পর্যন্ত ৩২ মামলায় ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিরোধী দলের টানা অবরোধ ও হরতালে বিভিন্ন স্থানে রেললাইন উপড়ানো ছাড়াও ফিসপ্লেট খুলে ফেলা, ট্রেনে আগুন দেয়া, বোমা হামলার ঘটনা ঘটেছে।

ফিসপ্লেট খুলে ফেলায় গত ৪ ডিসেম্বর গাইবান্ধায় পদ্মরাগ এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে চার জন মারা যায়।