চবির ‘ডি’ ইউনিটে ভর্তির সময় বাড়ল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ডি ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) প্রথম বর্ষে উত্তীর্ণদের ভর্তির সময় বাড়ানো হয়েছে।
অন্যদিকে স্থগিত করা হয়েছে কলা অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার।
বুধবার সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হোসাইন কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ডি’ ইউনিটের উত্তীর্ণদের ভর্তির সময় ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
ভর্তি সংক্রান্ত সর্বশেষ তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cu.ac.bd) পাওয়া যাবে। তাছাড়া এ ব্যাপারে শিক্ষার্থীদের ইউনিট কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
অন্যদিকে কলা অনুষদের সহকারী রেজিস্ট্রার দেলোয়ার হোসেন স্বাক্ষরিত আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ ও ১৫ ডিসেম্বর বি-১, ১৭ ডিসেম্বর বি-২, বি-৪, বি-৫ এবং ১৮ ডিসেম্বর বি-৬, বি-৭ (সি), বি-৭ (এইচ) ও বি-৭ (এস) ইউনিটের সাক্ষাৎকার অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
এর আগেও হরতাল, বিরোধী জোটের টানা অবরোধের কারণে বেশ কিছু ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার স্থগিত করে চবি কর্তৃপক্ষ।
