চট্টগ্রামে হ্যান্ড গ্রেনেড উদ্ধার
১৮ দলের অবরোধ এবং জামায়াতের হরতালে সংঘাতের মধ্যে বন্দর নগরীর হালিশহরে একটি হ্যান্ডগ্রেনেড পেয়েছে পুলিশ।
বুধবার দুপুর ২টার দিকে বড়পুল এলাকায় অবিস্ফোরিত এই হ্যান্ড গ্রেনেডটি পাওয়া যায় বলে হালিশহর থানার ওসি শাহজাহান কবির জানিয়েছেন।
দেশে তৈরি এই বিস্ফোরকটির সঙ্গে লালখান বাজারে হেফাজতি মাদ্রাসায় বিস্ফোরিত ও উদ্ধার হওয়া গ্রেনেডের সাদৃশ্য পেয়েছেন পুলিশ কর্মকর্তারা।
হালিশহর থানার ওসি কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবিস্ফোরিত গ্রেনেডটি পাওয়ার পর তা নগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের কাছে দেয়া হয়েছে।
বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের এসআই সন্তোষ চাকমা বলেন, “এই হ্যান্ড গ্রেনেডটির সঙ্গে গত ৭ অক্টোবর লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরিত ও উদ্ধার হওয়া গ্রেনেডগুলোর সাথে মিল রয়েছে।”
এর আগেও গত ২৮ অক্টোবর বড়পুল এলাকা থেকে একই ধরনের অবিস্ফোরিত একটি গ্রেনেড উদ্ধার করেছিল পুলিশ।
