আগ্নেয়াস্ত্রের চালান ঠেকাতে সীমান্তে তৎপর বিএসএফ
বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে সীমান্তে একের পর এক আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নজরদারি বাড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
রাজনৈতিক সহিংসতায় ব্যবহারের জন্য সীমান্তপথে ভারত বাংলাদেশে অস্ত্র ও বিস্ফোরক আসার প্রমাণ পেয়েছে বিএসএফ।
বিএসএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শনিবার থেকে সোমবারের মধ্যে পশ্চিমবঙ্গের মালদা ও মুরশিদাবাদে পৃথক অভিযানে ৩২ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
সোমবার মালদা জেলায় আরেক অভিযানে জিয়াউল হক (২৩) নামের এক ভারতীয় নাগরিককে ১২ কেজি বিস্ফোরকসহ আটক করা হয়।
জিয়া ওই বেস্ফোরকগুলো বাংলাদেশে পাচারকরার চেষ্টা করছিলেন বরে বিএসএফের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে গত শুক্রবার মুরশিদাবাদে সুতিয়া পুলিশ স্টেশনের কাছে আরেক অভিযানে ককটেল তৈরিতে ব্যবহৃত ২০ কেজি বিস্ফোরক উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে গত বুধবার বিএসএফের ১২৫ ব্যাটালিয়ানের সদস্যরা সীমান্তের কাছে চুরিন্তাপুর এলাকায় অভিযান চালিয়ে পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ সাকের হোসেন আলিয়াস বাকির (৪০) ও আবু সালাম নামের দুই ভারতীয়কে আটক করে।
তারা দুজনই মোহাব্বতপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা সীমান্তে চোরাচালানি করছে বলে বিএসএফ জানিয়েছে।
দশম জাতীয় সংসদ নির্বাচন ও একাত্তারের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারকে সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি সহিংসতাপ্রবণ হয়ে উঠেছে।
গত এক মাসে রাজনৈতিক সহিংসতায় অর্ধশত মানুষ নিহত হয়েছে, যার জন্য উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়।
