২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্বিবেচনার সুযোগ আছে কিনা, শুনছে পূর্ণাঙ্গ বেঞ্চ

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবচেনার আবেদন করেছে আসামিপক্ষ, যার সুযোগ আদৌ আছে কি-না, তা নিয়ে ‍শুনানি চলছে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে।

সুলাইমান নিলয়

ও কাজী শাহরিন হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 11:11 AM

Updated : 13 Oct 2022, 03:07 PM

পুরনো খবর:

শুনানি শুরু, সবার নজর আদালতে
ঝুলে গেল কাদের মোল্লার ফাঁসি

বুধবার বেলা সাড়ে ১১টায় দুই পক্ষের উপস্থিতিতে এই শুনানি শুরু হয়।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কখন কীভাবে বাস্তবায়ন হবে- আপিল বিভাগের সিদ্ধান্তের ওপরই তা নির্ভর করছে।  

এর আগে সকাল ১০টায় প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ফাঁসির কার্যক্রম স্থগিত করার বিষয়ে শুনানি শুরু হয়।  

ওই সময়ই কাদের মোল্লার আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন জানান, তারা আগের রাতে চেম্বার বিচারপতির কাছে একটি ‘রিভিউ’ আবেদন জমা দিয়েছেন। 

রায় বাস্তবায়নের ওপর স্থগিতাদেশ বাড়ানোরও আবেদন করেন আসামির আইনজীবীরা।

এরপর বেঞ্চ সাড়ে ১১টায় আবারো শুনানির সময় রেখে জানায়, চেম্বার বিচারপতি সকাল সাড়ে ১০টা পর্যন্ত  স্থগিতাদেশ দিলেও আদালত পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ওই আদেশই বহাল থাকবে। 

আসামিপক্ষের আবেদনে সুপ্রিম কোর্টের চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মঙ্গলবার রাতে এক আকস্মিক আদেশে এই  জামায়াত নেতার মৃত্যুদণ্ড কার্যকর বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত করে দেন।

বুধবার সকালে রায় বাস্তবায়নের ওপর স্থগিতাদেশের শুনানিতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, এটি আইসিটি আইনের মামলা। ১৭ সেপ্টেম্বর রায় এই মামলায় রায় হয়। ৮ ডিসেম্বর রায় হাতে পাওয়ার পর তারা রিভিউ আবেদনের প্রস্তুতি শুরু করেন।

“রিভিউ করার জন্য অন্য মামলায় যে সুযোগ রয়েছে, সেই একই সুযোগ এই মামলায়ও পাব আশা করছি। এটা ৪০ বছরের পুরনো ঘটনার মামলা। সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই।”

এ সময় প্রধান বিচারপতি বলেন, “ঠিক আছে আপনি গ্রহণযোগ্যতা নিয়ে বলেন।”

ব্যারিস্টার রাজ্জাক বলেন, “আমরা দুইদিন সময় চাই, আমাদের প্রস্তুতি শেষ হয় নাই। আপনারা যে আদেশ দেবেন, আমরা মেনে নেব। আমাদের ২দিন সময় প্রয়োজন।”

অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে বলেন, “এই মামলায় রিভিউ চলে না। এটা স্পষ্ট। এই আবেদন প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার চেষ্টা।”

বৃহস্পতিবার আপিল বিভাগের শেষ কার্যদিবস। এরপর সাপ্তাহিক বন্ধ শেষে শুরু হবে শীতকালীন ছুটি। এ সময় আপিল বিভাগের চেম্বার বিচারপতি বসলেও নিয়মিত কোনো আদালত বসে না। আসামি পক্ষকে দুইদিন সময় দেয়া হলে রায় বাস্তবায়ন কার্যত আগামী বছর পর্যন্ত ঝুলে যাবে বলে উল্লেখ করেন সরকারের প্রধান আইন কর্মকর্তা।

এ সময় প্রধান বিচারপতি বলেন, “গ্রহণযোগ্যতা নিয়ে বলেন, মেরিটে আমরা পরে শুনব। এটাতো খুবই সংক্ষিপ্ত বিষয়। আপনি (রাজ্জাক) একজন জ্যেষ্ঠ আইনজীবী, আপনি সেটা পারবেন। উই আর নট ইন হারি, কিন্তু শুরু করতে দোষ কী?”

জবাবে রাজ্জাক বলেন, “আমি পারব না। এটা পারবেন অ্যাটর্নি জেনারেল। উনি আমার চেয়েও সিনিয়র।”

তখন প্রধান বিচারপতি জানতে চান, এই রিভিউ আবেদনের সিনিয়র অ্যাডভোকেট কে?

পাতা উল্টে ব্যারিস্টার রাজ্জাকের নাম দেখার পর আদালত বলেন, “আপনিইতো এখানে সিনিয়র অ্যাডভোকেট। আপনি এটার দায়িত্ব স্বীকার করেছেন। আপনি পারবেন, বলেন। উভয়পক্ষই পারবে। আমরা মেনটেইনেবলিটি দিয়ে শুরু করি। লেটস স্টার্ট।”

এরপর আদালত সাড়ে ১১টায় রিভিউ আবেদনের গ্রহণযোগ্যতার প্রশ্নে শুনানির সময় রাখে।

প্রথমে এই মামলায় আসামিপক্ষে শুনানি করতে দাঁড়ান খন্দকার মাহবুব হোসেন। পরে তাদের পক্ষে ব্যারিস্টার রাজ্জাক শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

হরতাল অবরোধের কারণে উচ্চ আদালতে নিয়মিত বেঞ্চগুলোর অধিকাংশই বসে না। তবে আপিল বিভাগ বসলেও আইনজীবী উপস্থিতি থাকে খুব কম। তবে এদিন সর্ব বৃহৰ এই আদালত কক্ষ ছিলে কানায় কানায় পূর্ণ। উভয়পক্ষের আইনজীবী ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে আদালত কক্ষের সোফাগুলো উপচে অনেকেই দাঁড়িয়ে ছিলেন।

শেষ মুহূর্তে স্থগিতাদেশ

মঙ্গলবার রাতে রায় স্থগিতের ঘণ্টা তিনেক আগে  স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সংবাদ সম্মেলন করে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সে অনুযায়ী সব প্রস্তুতি শেষ করে কারা কর্তৃপক্ষ। জানানো হয়, বুধবার প্রথম প্রহরেই (রাত ১২টা ১ মিনিট)মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। পরিবারের সদস্যরাও ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসে কাদের মোল্লার সঙ্গে দেখা করে যায়।

কারাগারে চূড়ান্ত প্রস্তুতির মধ্যেই রাত সাড়ে ১০টার দিকে কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার রাজ্জাক চেম্বার বিচারপতির বাড়ি থেকে বেরিয়ে বলেন, মৃত্যুদণ্ড কার্যকর বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত রাখার আদেশ পেয়েছেন তারা।

রাত পৌনে ১১টার দিকে কাদের মোল্লার আইনজীবী ফরিদ উদ্দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে পৌঁছে সাংবাদিকদের কাছে যখন স্থগিতাদেশের খবর পৌঁছান, তখন সিভিল সার্জনকে ঢুকতে দেখা যায় কারাগারে।

এর কিছুক্ষণের মধ্যে কাদের মোল্লার প্রধান আইনজীবী আব্দুর রাজ্জাককে দেখা যায় কারাফটকে। তিনি কারা কর্মকর্তাদের সঙ্গে দেখা করে ফিরে সাংবাদিকদের বলেন, মৃত্যুদণ্ড কার্যকর সকাল ১০টা পর্যন্ত স্থগিত রাখতে চেম্বার বিচারপতির আদেশ কারা কর্মকর্তাদের জানিয়ে এসেছেন তারা।

এরপরই ফাঁসি কার্যকরের বিষয়টি ঝুলে যায়। ঘোষিত সময় ১২টা ১ মিনিট পেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর বেরিয়ে এসে জ্যেষ্ঠ জেল সুপার ফরমান আলী সাংবাদিকদের বলেন, আদালতের আদেশে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখা হয়েছে।

এদিকে জামায়াত নেতার মৃত্যুদণ্ড ঝুলে যাওয়ায় ক্ষুব্ধ গণজাগরণ মঞ্চ আবার শাহবাগে লাগাতার অবস্থানের ঘোষণা দিয়েছে, যাদের অভূতপূর্ব আন্দোলনে যুদ্ধাপরাধের মামলায় আপিলের সুযোগ তৈরি হওয়ায় চূড়ান্ত রায়ে ফাঁসির আদেশ আসে।

অন্যদিকে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়নের খবরেই কয়েকটি স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা চালায় জামায়াতকর্মীরা। বুধবার হরতাল ডাকার পাশাপাশি দলটি হুমকি দিয়েছে, তাদের নেতার ফাঁসি হলে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু নিশ্চিত হবে।