২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিচ্ছিন্ন বোমাবাজি, ভাংচুর

বিচ্ছিন্ন ভাংচুর ও হাতবোমা বিস্ফোরণের মধ্য দিয়ে চট্টগ্রামে ১৮ দলের অবরোধ ও জামায়াতে ইসলামীর হরতাল চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 11:39 AM

Updated : 23 Aug 2022, 07:27 PM

মঙ্গলবার সকালে নগরীর আগ্রাবাদ বেপারীপাড়ায় একটি টেম্পুতে আগুন, বাদুরতলায় টেম্পু ভাংচুর করে হরতাল সমর্থক জামায়াত কর্মীরা। এছাড়া দুটি জায়গায়ই বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা।

নগর পুলিশের পশ্চিম জোনের অতিরিক্ত উপ-কমিশনার তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন যুবক মোটরসাইকেলে করে এসে বেপারীপাড়ায় একটি টেম্পুতে আগুন দেয়ার চেষ্টা করে। টেম্পুর সিটে আগুন লাগলে স্থানীয় লোকজন দ্রুত নিভিয়ে ফেলে।

এছাড়া ওই এলাকায় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর বাদুরতলায় একটি টেম্পু ভাংচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।

নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আবদুর রউফ শিবির কর্মীদের মিছিলের বিষয়টি স্বীকার করলেও টেম্পু ভাংচুর হয়নি বলে দাবি করেন।

এদিকে হরতালের পাশাপাশি বিরোধীজোটের অবরোধ চললেও নগরীতে তেমন কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

মহাসড়কে ভারী যানবাহনের সংখ্যা কম থাকলেও নগরজুড়ে রিকশার পাশাপাশি টেম্পু, অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে।

এছাড়া নগরীর বেশ কয়েকটি সড়কে ট্রাক ও বাস চলাচল করতে দেখা গেছে।

নগরীর শিল্প এলাকায় তৈরি পোশাক কারখানায় কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এছাড়া ব্যাংক বীমাসহ বিভিন্ন সরকারি অফিসেও স্বাভাবিক কার্যক্রম চলছে।