২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র কেড়ে নিয়ে পিটিয়ে ওসির পা ভাঙল শিবির

রাজশাহীতে শটগান কেড়ে নিয়ে পিটিয়ে এক ওসিসহ ছয় পুলিশ সদস্যকে আহত করেছে ইসলামী ছাত্র শিবির ও ছাত্রদলের কর্মীরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 10:34 AM

Updated : 25 Apr 2022, 07:39 PM

বিরোধী জোটের অবরোধ ও জামায়াতের হরতালের মধ্যে মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে বিনোদপুর বাজারে এ ঘটনা ঘটে।

মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামলায় মতিহার থানার ওসি আবদুল মজিদের ডান পা ভেঙে গেছে। তাকেসহ দুই কনস্টেবল মিজান ও রেজাউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।    

আহত পুলিশ সদস্যদের বরাত দিয়ে ওসি আলমগীর বলেন, “সকালে ওই এলাকায় হরতাল ও অবরোধের সমর্থনে একটি মিছিল বের হয়। দাযিত্বরত  পুলিশ তাদের বাধা দিতে গেলে তারা হামলা চালায়। এ সময় তারা এক কনস্টেবলের হাত থেকে শটগান কেড়ে নেয় এবং সেটি দিয়ে পুলিশদের পেটায়। এতে ওসি মজিদের পা ভেঙে যায়। অন্যরাও আহত হয়।”  

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরে শটগানটি রাস্তার পাশে ভাঙা অবস্থায় পাওয়া যায় বলে আলমগীর জানান।

এই হামলার পরপরই পুলিশ বিনোদপুর এলাকায় অভিযান শুরু করেছে বলেও জানান গোয়েন্দা পুলিশের ওসি।

প্রত্যক্ষদর্শীরা জানায় হরতার ও অবরোধের সমর্থনে সকালে মিছিলটি বের করেছিল জামায়াতে ইসলামী ও বিএনপির সহযোগী সংগঠন শিবির ও ছাত্রদল।