পাবনায় ‘চরমপন্থী’ নেতা খুন
পাবনার আটঘরিয়া উপজেলায় এক ‘চরমপন্থী’ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ হামলায় নিহত হন একদন্ত ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে আরশেদ আলী সরদার (৪০)।
আরশেদ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন নকশালের আঞ্চলিক নেতা বলে জানিয়েছেন আটঘরিয়া থানার ওসি মনিরুল ইসলাম।
ওসি মনিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চরমপন্থী নেতা আরশেদ একদন্ত বাজার থেকে বাইসাইকেল করে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মোটরসাইকেল আরোহী তিন ব্যক্তি পরানপুর গ্রামে তার পথরোধ করে।
“তারা পরপর তিন রাউন্ড গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়।”
এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ময়নাতদন্তের জন্যে লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাকে হত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
তার বিরুদ্ধে ডাকাতি ও চাঁদাবাজিসহ থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও ওসি মনিরুল জানান।
