২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সংঘর্ষ-বোমাবাজিতে জামায়াতের হরতাল

পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও বিক্ষিপ্ত বোমাবাজির মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে শেষ হয়েছে জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 10:02 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

সোমবারের হরতালে নগরীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, আগুন ও বোমাবাজির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১৫ জামায়াত-শিবিরকর্মীকে।  

সকালে বাকলিয়া এলাকায় জামায়াতকর্মীদের ছোড়া হাতবোমা ও ইটের আঘাতে আহত হয়েছেন তিন পুলিশ ও এক আনসার সদস্যসহ চারজন।

আহতরা হলেন- বাকলিয়া থানার এসআই আনোয়ার হোসেন, এসআই মাইনুল হক, কনস্টেবল আমিনুল ও ব্যাটালিয়ন আনসার আলী আহমদ।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে বাকলিয়ার তুলাতলি এলাকায় শিবিরকর্মীরা ঝটিকা মিছিল বের করে পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার সেল ছুড়ে।

এসময় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।

আহত আনোয়ার হোসেনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সকাল সাড়ে আটটার দিকে নগরীর প্রবেশদ্বার আকবর শাহ থানাধীন কর্ণেল হাট এলাকায়ও শিবিরকর্মীরা বেশকিছু হাতবোমার বিস্ফোরণ ঘটায় এবং কয়েকটি যানবাহন ভাংচুর করে।

এছাড়া সকাল সাড়ে ১১টার দিকে কর্ণেলহাট সোলস রোডে পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। দুই ঘটনায় পুলিশ নয়জনকে গ্রেপ্তার করে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) তানভীর আরাফাত জানান, এসময় শিবিরকর্মীরা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এসময় পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে বলেও জানান তিনি।

পুলিশ কর্মকর্তা তানভীর জানান, ঘটনাস্থল থেকে পুলিশ দুটি হাতবোমা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে।

আকবর শাহ থানার ওসি আব্দুল মজিদ জানান, সকাল সাড় আটটার দিকে শিবিরকর্মীরা কর্ণেল হাট এলাকায় হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে।

এসময় পুলিশ ঘটনাস্থল থেকে সাত শিবিরকর্মীকে আটক করে বলে জানান তিনি।

এদিকে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় গুলিবিদ্ধ একজনসহ দুজনকে আটক করেছে খুলশী থানা পুলিশ।

খুলশী থানার ওসি মাঈনুল ইসলাম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোটরসাইকেলে করে পালানোর সময় খুলশী থানাধীন রেল ক্রসিং এলাকা থেকে গুলিবিদ্ধ একজনসহ দুজনকে আটক করা হয়।

পরে তাদের আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। 

এদিকে হালিশহর থানাধীন ওয়াপদা গেইট এলাকা থেকে পুলিশ পেট্রোলসহ তিন শিবিরকর্মীকে আটক করেছে বলে জানান হালিশহর থানার ওসি শাহজাহান কবির। 

এছাড়া পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় ঝটিকা মিছিল থেকে এক শিবিরকর্মীকে পুলিশ আটক করেছে বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহিদুল্লাহ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নগরীর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।