সিরাজগঞ্জে সংবাদকর্মীদের উপর হামলা
হরতাল-অবরোধ চলাকালে সিরাজগঞ্জ সদরে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে ও ছবি তুলতে যাওয়া সংবাদকর্মীদের উপর হামলা চালিয়েছে অবরোধ সমর্থকরা।
সোমবার বহুলী বাজারে ৭/৮ জন সাংবাদিক এ হামলার শিকার হন।
সকালে বহুলী বাজারের হরতাল ও অবরোধকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে সুমন (৯) নামের এক শিশু নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককম প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইসরাইল হোসেন বাবুও তাদের রোষানলে পড়েন।
এছাড়া দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আব্দুস সামাদ সায়েম ও দৈনিক সমকালের আমিনুল ইসলাম খান রানাকে মারধর করে এবং তাদের মোটরসাইকেল ভাংচুর করে।
হামলার শিকার অন্যরা হলেন বেসরকারি টেলিভিশন বাংলভিশনের প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন-অর-রশিদ খান হাসান, দৈনিক জনতার প্রতিনিধি নজরুল ইসলাম।
এ ঘটনায় জেলা বিএনপি সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু দুঃখ প্রকাশ করেছেন।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হামলা, ভাংচুর ও মারপিটের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দায়ীদের শাস্তি দাবি করেন।
