ফরিদপুরে বাস ভাংচুর ও অগ্নিসংযোগ
অবরোধের তৃতীয় দিনে ফরিদপুর শহরে দুটি মিনিবাস ভাংচুর ও একটি মিনিবাসে আগুন দিয়েছে ১৮ দলের সর্থকরা।
সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোয়ালচামট এলাকার পুরনো বাসস্ট্যান্ডে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান জানান, সন্ধ্যায় পুরনো বাসস্ট্যান্ড এলাকায় ৪০/৪৫ জন অবরোধ সমর্থক চাপাতি, লাঠি ও জিআই পাইপ হাতে একটি মিছিল বের করে।
দাঁড় করানো মিনিবাসে মিছিল থেকে পেট্রোল বোমা ছুঁড়ে মারলে বাসের ভেতরে আগুন ধরে যায়।
দমকল কর্মীরা আসার আগেই পাশের হোটেল কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলে।
একই সময় সড়কের পাশের গ্যারেজে রাখা দুটি মিনিবাস ভাঙচুরও করে অবরোধ সমর্থকরা ।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অবরোধকারীরা পালিয়ে যায়।
