গণস্বাস্থ্য মেডিকেলে শিক্ষার্থীদের তাণ্ডব
পটুয়াখালী গিয়ে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের চিকিৎসক মুকালুর রহমান মুরাদের মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীরা ব্যাপক ভাংচুর ও বিক্ষোভ করেছে ক্যাম্পাসে।
সোমবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ক্ষুব্ধ শিক্ষার্থীরা এ তাণ্ডব চালায় বলে পুলিশ জানিয়েছে।
এ সময় তারা ব্যাংক, মেডিকেল কলেজ, হাসপাতাল, যানবাহনসহ একাধিক প্রতিষ্ঠানে ভাংচুর চালায় এবং মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা মুরাদকে হত্যা করা হয়েছে অভিযোগ করে হত্যাকাণ্ডের বিচার দাবি করে।
রোববার সকালে পটুয়াখালীর গলাচিপায় একটি পুকুরে গণবিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী পরিচালক মুকালুর রহমান মুরাদের ভাসমান লাশ পাওয়া যায়।
গণবিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মীর মুর্ত্তজা আলী বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীরা গণবিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ, গণস্বাস্থ্য পিএইচএ ভবন, গণস্বাস্থ্য ডেন্টাল কলেজ, গণস্বাস্থ্য কো-অপারেটিভ ব্যাংক এবং গণস্বাস্থ্যের ১০ গাড়ির কাচসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করেছে।
এতে ৫০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
মুর্ত্তজা আলী জানান, ফরিদপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পর ডা. মুরাদ চার মাস আগে মেডিসিন বিভাগের সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন।
বৃহস্পতিবার রাতে তিনি দুস্থ রোগীদের চিকিৎসাসেবা দেয়ার জন্য গঠিত ১০ সদস্যের মেডিকেল ক্যাম্পের সঙ্গে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রওনা হন।
পরদিন ভোরে তারা গলাচিপা পৌঁছেন এবং সবাই একসঙ্গে সকালের নাস্তা করেন। এরপর থেকে তিনি নিখোঁজে থাকেন। তার ফোনে বারবার রিং করেও পাওয়া যায়নি।
রোববার সকালে ক্যাম্পের পাশেই একটি পুকুরে মুরাদের লাশ পাওয়া যায়।
উপ-রেজিস্ট্রার আরও বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। রিপোর্ট পেলে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা বলা যাবে।
হত্যার বিষয়টি নিশ্চিত না হয়েই কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থী এটিকে হত্যা বলে দাবি করে এবং ভাংচুর চালায়।
আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুঝিয়ে শান্ত করার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চলে যায়।
ফরিদপুর মেডিকেল শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
সোমবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজের সামনের মুজিব সড়কে এ মানববন্ধনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ ডা. অধ্যাপক আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো, ডা. মোস্তাফিজুর রহমান শামীম, ডা. সৈয়দ গোলাম কিবরিয়া প্রমুখ।
তারা মুরাদ হত্যা রহস্য উন্মোচন করে দোষীদের অবিলম্বে শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।
