মঙ্গলবার সখীপুরে হরতাল
হরতালের কর্মসূচিতে পুলিশের ‘হামলার’ প্রতিবাদে মঙ্গলবার টাঙ্গাইলের সখীপুর উপজেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে ১৮ দল।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি আহমেদ আযম খান এ কর্মসূচি ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১০টার দিকে অবরোধকারীরা সখীপুর পৌর এলাকার জেলখানা মোড়ে রাস্তা অবরোধ করে যানবাহন ভাংচুরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
এ সময় পুলিশ ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষে ৪ বিএনপি কর্মী আহত হন। তাদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, অবরোধ করে যানবাহন ভাংচুরের চেষ্টা করলে তাদের বাধা দেয়া হয়। তবে, কাউকে আটক করা হয়নি।
