মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত জাপা মন্ত্রীরা
দলীয় চেয়ারম্যান এইচ এম এরশাদ নির্বাচনকালীন সরকার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর পদত্যাগের তোড়জোড়ের মধ্যে সোমবার মন্ত্রিসভার বৈঠকে যোগ দেননি জাতীয় পার্টির মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার ২২ জন সদস্য বৈঠকে যোগ দেন। সকাল সাড়ে ১১টায় মন্ত্রিসভার বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে ১২টায় এই বৈঠক শুরু হয়।
জাতীয় পার্টির মন্ত্রীরা বৈঠকে উপস্থিত ছিলেন না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, “বৈঠকের জন্য তাদের জানানো হয়েছিল, তারা বৈঠকের ফোল্ডার ফেরত দিয়েছেন। নিয়ম অনুযায়ী তারা না আসায় তাদের কোনো আসনও ছিল না।”
“এটি নতুন কোনো বিষয় না, সব সময়ই এটা করা হয়,” বলেন তিনি।
জাতীয় পার্টির মন্ত্রীদের বিষয়ে বৈঠকে আলোচনাও হয়নি বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
নির্বাচনকালীন সরকারে জাতীয় পার্টির পাঁচ মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী রয়েছেন। সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে যাননি এ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সালমা ইসলাম।
সব দল অংশ না নেয়ায় এবং নির্বাচনের পরিবেশ না থাকায় দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। এরশাদ সোমবার সকালে জানিয়েছেন, তার দলের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পদত্যাগপত্র ডাকযোগে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।
ডাকযোগ পদত্যাগপত্র পাঠানোর নিয়ম আছে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন,“সংবিধানে বলা আছে পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পেশ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জমা দিবেন, তবে কিভাবে পেশ করতে হবে তা সংবিধানে বলা নেই।”
ডাকযোগ পদত্যাগপত্র পাঠানো বৈধ হবে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন,“ অফিসিয়ালি এ বিষয়ে প্রশ্ন কেউ উত্থাপন করেননি, যদি করে তখন দেখা যাবে।”
জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগের বিষয়ে কোনো তথ্য মন্ত্রিপরিষদ বিভাগের কাছে নেই বলে জানান সচিব মোশাররাফ হোসেন।
