অবরোধে সাভারে আহত একজনের মৃত্যু
বিরোধী দলের অবরোধে বাসে আগুন ধরানোর পর তড়িঘড়ি করে নামতে গিয়ে আহত একজন ছয় দিন পর হাসপাতালে মারা গেছেন।
রোববার রাতে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেহানা আক্তার (২৫) নামে এই নারীর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
রেহানার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তাড়াউল গ্রামে। গত ২ ডিসেম্বর রাতে ঢাকা থেকে ধামরাই যাওয়ার পথে তার বাস হামলার মুখে পড়ে।
সাভার থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাইয়ের সঙ্গে বাসে ছিলেন রেহানা। ফুলবাড়িয়ায় ওই বাসে পেট্রোল বোমা ছোড়া হলে তাড়াহুড়া করে করে নামতে গিয়ে মাথায় আঘাত পান তিনি।
এরপর রেহানাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে তার মৃত্যু হয় বলে মোস্তফা কামাল জানান।
ওই গাড়ির আরেক যাত্রী রতন কুমার সাহাও কয়েকদিন আগে ঢাকার একটি হাসপাতালে মারা যান।
বাসটিতে পেট্রোল বোমা ছোড়া হলেও এর আহত যাত্রীদের অধিকাংশ নামতে গিয়ে আহত হন বলে পুলিশ জানায়।
গত তিন সপ্তাহে বিরোধী দলের অবরোধে সংঘাতে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারায়, এর মধ্যে অন্তত ১৩ জন মারা যান ছুড়ে মারা বোমা ও গাড়ি পোড়ানোয় অগ্নিদগ্ধ হয়ে।
