স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে কারণ দর্শানো নোটিশ
নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
ফাইল ছবি
কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী দশম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদের অভিযোগের প্রেক্ষিতে এ নোটিশ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে টুকু আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
কাজী আশরাফ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাবনা-১ আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেয়া আবু সাইয়িদের আবেদনের পর নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ ব্যাখ্যা করতে রোববার বিকালে একটি চিঠি পাঠানো হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন জানান, ডাকযোগে টুকুর ঠিকানায় চিঠিটি পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, টুকুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের ৬টি অভিযোগ আনা হয়। ওই অভিযোগের প্রেক্ষিতে ব্যাখ্যা চেয়ে এই নোটিশ দেয়া হয়েছে।
আবু সাইয়িদের অভিযোগ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি প্রটোকল নিয়ে নির্বাচনী এলাকায় প্রচারণা, গণসংযোগ, বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এবং মিছিল-মিটিং করছেন।
একইসঙ্গে নির্বাচনী এলাকা সাঁথিয়া, বেড়া ও আতাইকুলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশাল আকারের ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড অপসারণ না করার কথাও উল্লেখ করা হয়।
