আবু সাইয়িদকে হয়রানির অভিযোগ পুলিশের বিরুদ্ধে
পাবনা-১ আসনের স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ তার নির্বাচনী এলাকায় পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন।
পুলিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুটুর হয়ে তাকে এবং তার কর্মীদের হয়রানি করছেন বলে দাবি করেন তিনি।
তবে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছেন। আবু সাইয়িদের বিরুদ্ধে আওয়ামী লীগ কার্যালয়ে হামলার পাল্টা অভিযোগও করেন প্রতিমন্ত্রী।
এদিকে, রোববার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ করেছেন সাইয়িদ। এ অভিযোগে রিটার্নিং অফিস থেকে টুকুকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়।
সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ রোববার বিকালে সাংবাদিকদের বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্চিত পরাজয় জেনে তার এবং কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।
এ ব্যাপারে শামসুল হক টুকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, আবু সাইয়িদ ক্যাডার বাহিনী নিয়ে দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করেছেন, যা ফৌজদারী অপরাধ।
এ কারণে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
সাঁথিয়া আওয়ামী লীগ কার্যালয়ে ‘ভাংচুর’
শনিবার সন্ধ্যায় পাবনার সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের অফিস দখল ও পাল্টা দখলের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আবু সাইয়িদের সমর্থকরা কার্যালয়টি দখল করে তালা মেরে দেয়। এরপর পুলিশ গিয়ে আবার তা দখলে নেয়।
এ ঘটনায় সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার শনিবার রাতে আবু সাইয়িদকে প্রধান করে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ২৫ জনকে আসামি করে মামলা করা হয়।
মামলায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও জাতীয় চার নেতার ছবি ভাংচুরের অভিযোগ আনা হয়।
এ মামলায় আবু সাইয়িদের এক সমর্থককে পুলিশ গ্রেপ্তার করেছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহিদ মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতেই বেড়া উপজেলার সানিলা গ্রামের আজিজুল হকের ছেলে যুবলীগকর্মী আরিফুল হককে গ্রেপ্তার করা হয়।
আরিফ আবু সাইয়িদ সমর্থক বলে তিনি জানান।
এ ভ্যাপারে আবু সাইয়িদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার বিকালে দুই পুলিশ সদস্য নিপেন ও খাইরুলকে সঙ্গে নিয়ে আমার নিজ বাড়িতে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যাই। সেখানে কোনো ভাংচুরের ঘটনা ঘটেনি। বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ছবি ভাংচুরের তো প্রশ্নই আসে না।”
এ ব্যাপারে পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন পুলিশের বিরুদ্ধে আবু সাইয়িদের অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ নির্বাচনী কর্মীদের হয়রানি নয়, আসামিদের গ্রেপ্তারে তৎপর রয়েছে।
