চট্টগ্রামে হাতবোমায় পুলিশ আহত
চট্টগ্রামে অবরোধ-হরতালের মধ্যে হাতবোমা বিস্ফোরণে এক পুলিশ সদস্যসহ দুজন আহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় নগরীর আকবর শাহ থানাধীন ইস্পাহানি রেল গেইটের অদূরে ছাত্রদলকর্মীরা এই বোমা ছোড়ে বলে পুলিশ জানিয়েছে।
আহত পুলিশ সদস্য হলেন আকবর শাহ থানার কনস্টেবল মো. মনির হাসেন (৩০)। অন্যজন হলেন পুলিশের ভাড়া নেয়া গাড়ির চালক আব্দুর রহিম (১৮)।
ঘটনাস্থলে দায়িত্বে থাকা আকবর শাহ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) শরীফ রোকনউজ্জামন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাহাড়িকা সিএনজি স্টেশনের সামনে পুলিশের ভাড়াকরা গাড়িটি দাঁড়িয়ে ছিল।
“এসময় ছাত্রদলের একটি ঝটিকা মিছিল এসে আমাদের গাড়ি লক্ষ্য করে বেশ কয়েকটি হাতবোমা ছোড়ে। এর একটি গাড়িতে পড়লে পুলিশ সদস্য মনির ও চালক রহিম আহত হয়।”
আহত দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
