জাতিসংঘের হস্তক্ষেপ চায় এএইচআরসি
নির্বাচনপূর্ব সহিংসতার প্রেক্ষাপটে বাংলাদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজনে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে হংকংভিত্তিক মানবাধিকার সংগঠন এশিয়ান হিউম্যান রাইটস কামিশন (এএইচআরসি)।
ঢাকা সফররত জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ-তারানকোকে লেখা একটি খোলা চিঠিতে কমিশনের নির্বাহী পরিচালক বিজো ফ্রান্সিস বলেন, কেনিয়ায় নির্বাচন নিয়ে জাতিসংঘ যে ভূমিকা রেখেছিল, বাংলাদেশেও একই ধরনের হস্তক্ষেপ প্রয়োজন।
“এএইচআরসি মনে করে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা নিরসনে, দারিদ্র্যপীড়িত এ দেশটির মানুষের জীবন, জীবিকা ও স্বাধীনতা রক্ষার জন্য যতো দ্রুত সম্ভব এটা করা প্রয়োজন।”
এক যুগ ধরে গৃহযুদ্ধের মধ্যে থাকা কেনিয়ায় জাতিসংঘের তত্ত্বাবধায়নে সাম্প্রতিক নির্বাচন অনুষ্ঠানের উদাহরণ টেনে খোলা চিঠিতে বলা হয়, “বাংলাদেশেও সেরকম একটি গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘের অবশ্যই কেনিয়ার অভিজ্ঞতা কাজে লাগানো উচিত।”
“কিন্তু আগামী নির্বাচনের আগে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির বিষয়ে দুঃখজনকভাবে তারা একমত হতে পারেনি। সরকার দৃশ্যত বড় দলগুলোকে বাদ দিয়ে একক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা ‘সংবিধান রক্ষার’ অজুহাত দিলেও তাতে সংকট মিটছে না।”
খোলা চিঠিতে বলা হয়, বিবাদমান দল দুটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও অন্যান্য পক্ষকে ব্যবহার করে পেশীশক্তি প্রদর্শনের যুদ্ধে নেমেছে।
নির্বাচন কমিশন কতোটা ক্ষমতাহীন- দুই পক্ষই তা জানে।
“বর্তমান নির্বাচন কমিশন তাদের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ একটি নির্বাচনের আয়োজন করতে পারবে বলে বাংলাদেশে কেউ মনে করে না।”
আর নির্বাচন সামনে রেখে এ পরিস্থিতির জন্য প্রাথমিকভাবে
সরকারকে দায়ী করে এএইআরসির নির্বাহী পরিচালক বলেন, “সরকার বিরোধীদলকে সহিংস হতে উস্কানি দিচ্ছে যাতে তাদের জনসমর্থন ক্ষতিগ্রস্ত হয়। গত পাঁচ বছরের সীমাহীন দুঃশাসন ও দুর্নীতির পরও ক্ষমতাসীন দল এর মাধ্যমে লাভবান হওয়ার আশা করছে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচার বিভাগের ওপর ‘হস্তক্ষেপ’, নির্বাচন কমিশনে ‘প্রভাব খাটানো’ এবং দেশের মানবাধিকার পরিস্থিতি আমলে না নেয়ারও অভিযোগ এনেছে এএইচআরসি।
এসব যুক্তি দেখিয়েই নিরপেক্ষ নির্বাচন আয়োজনে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে সংগঠনটি।
নির্বাচনকালীন সরকারের ক্ষণ গননা শুরুর পর থেকে নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী দলের আন্দোলনে এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত ও ক্ষয়ক্ষতির পরিমাণও অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি বলে মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এর আগে চলতি মাসের শুরুতে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে একটি বিবৃতি দেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান নাভি পিল্লাই।
তিনি বলেন, রাজনীতি বা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দেশে এ ধরনের সহিংসতার জন্য সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা হয়েছে, যাদের মধ্যে রাজনীতিবিদরাও ছিলেন।
