২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপাড়া খনিতে নতুন ঠিকাদারি কোম্পানি

লোকসান ঠেকাতে দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। 

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 04:50 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

এদিকে, গত দুসপ্তাহ ধরে চলমান শ্রমিক ধমর্ঘট নিরসনে এখনো কোনো উদ্যোগ নেয়া হয়নি।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, গত ২ সেপ্টেম্বর বেলারুশের জামার্নিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে আগামী ছয় বছরের জন্য।

এরই মধ্যে খনি হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি মাসের যেকোনো দিন পাথর উত্তোলন শুরু হতে পারে।

খনির দায়িত্ব নেওয়ার জন্য জিটিসির ডেপুটি প্রজেক্ট ডাইরেকটর মি. আলেকজান্ডার বিতরোভিতের নেতৃত্বে ১৮ সদস্যের একটি দল গত ২৩ নভেম্বর খনিতে এসেছেন। 

“দায়িত্ব নেয়ার পর খনির ব্যবস্থাপনা, পরিচালন, উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে প্রতিষ্ঠানটি,” বলেন এমডি।

গত অর্থবছরে ৯৭ লাখ টাকা লোকসান হয়েছে উল্লেখ করে এমডি মঈন উদ্দিন বলেন,  লোকসান পোষাতে নতুন ব্যবস্থাপনায় এক শিফটের পরিবর্তে তিন শিফটে পাথর উত্তোলন করা হবে।

মহাব্যবস্থাপক (উৎপাদন, অপারেশন) আবদুল হান্নান জানিয়েছেন, খনির কর্মকর্তা-কর্মচারী যারা আছেন নতুন কোম্পানি এলে তারাই থাকবেন। কোনো পরিবর্ন হবে না।

নতুন ব্যবস্থাপনায় খনিতে আরো লোকবল নেয়া হতে পারে। এছাড়া বতর্মান শ্রমিকদের কেউ কাজ করতে আগ্রহী হলে তারাও থাকতে পারে।    

১৯৯৪ সালে উত্তর কোরিয়ার ‘নামনাম কোম্পানি’ পাথর উত্তোলন শুরু করে মধ্যপাড়া থেকে। ২০০৭ সালে বাংলাদেশ সরকার মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নিজ দায়িত্বে নিয়ে নেয় এবং পেট্রোবাংলা খনিটি পরিচালনা করে আসছিল।

শ্রমিকদের কর্মবিরতি চলছে

সরকার ঘোষিত ২০ ভাগ মহার্ঘ্য ভাতা ও স্থায়ী নিয়োগসহ ৫ দফা দাবিতে গত ২৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত রেখেছে খনির শ্রমিকরা। এতে খনি থেকে পাথর উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।  

শ্রমিক কমচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, “নতুন কোম্পানি আসছে এটা আমরা জানি। তবে, দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাব।”  

এ বিষয়ে কোম্পানির এমডি মঈন উদ্দিন বলেন, এই শ্রমিকরা কোম্পানির নিয়োগপ্রাপ্ত নয়। আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ব্লুস্টার’ তাদের নিয়োগ দেয়। তাই তাদের দাবির বিষয়টি ওই ঠিকাদারি প্রতিষ্ঠানই দেখবে। কোম্পানির এ বিষয়ে করণীয় কিছু নেই।