২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হাতবোমায় ব্যাংক কর্মকর্তা আহত

বিরোধী দলীয় জোটের তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে কর্মস্থলে যাওয়ার সময় হাতবোমা বিস্ফোরণে আহত হয়েছেন চট্টগ্রামের এক ব্যাংককর্মী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 02:49 PM

Updated : 25 Apr 2022, 07:38 PM

রোববার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর দিদার মার্কেট এলাকায় এ ঘটনায় আহত সবুজ চৌধুরী (৩১) এক্সিম ব্যাংকের আইটি শাখার সিনিয়র অফিসার।

ফটিকছড়ি উপজেলার সুয়াবিল বারমাসিয়া গ্রামের বাসিন্দা সবুজ পরিবার নিয়ে নগরীর দেওয়ান বাজার এলাকার কেডিএস গলিতে থাকেন।

তার ভাই শিমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সবুজ এক্সিম ব্যাংকের খুলশী শাখায় বসেন। সকালে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে হেঁটে দিদার মার্কেটে যাওয়ার পথে বিস্ফোরণে আহত হন।

পরে সবুজকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

“ককটেল বিস্ফোরণে ওর পায়ে ও পিঠে আঘাত লেগেছে।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  দিদার মার্কেট এলাকায় একটি টেম্পোর দিকে হাতবোমা ছোড়ে দুর্র্বত্তরা। বোমাটি রাস্তায় পরে বিস্ফোরিত হলে সবুজ আহত হন।

এদিকে অবরোধের মধ্যেই রোববার চট্টগ্রামে ছাত্রদলের ডাকে হরতাল চলছে। সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতাল ডাকে বিএনপির ছাত্র সংগঠনটি।

অবশ্য অবরোধের সঙ্গে হরতাল যোগ হলেও যান চলাচলে তার প্রভাব পড়েনি নগরীতে। সকাল থেকে নগরীর আগ্রাবাদ, জিইসি, বহদ্দারহাট মোড়সহ গুরুত্বপূর্ণ সব সড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।

দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি অংশে ছোট আকারে যান চলাচল বেশি থাকলেও ভারি যান ছিল  কম।

অবরোধের সমর্থনে সকালে নগরীর নাসিমন ভবনে অবস্থিত  দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

এদিকে হরতাল-অবরোধের প্রতিবাদে নগরীর সিটি গেইট ও বহদাদারহাট মোড়সহ বিভিন্ন স্থানে সমাবেশ করেছে আওয়ামী লীগ।