মালিবাগে গুলিতে বাবা-ছেলে আহত
রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ায় পুলিশের শটগানের গুলিতে বাবা ও তার ছেলে আহত হয়েছেন।
আহত আব্দুল মাজেদ ও তার শিশুপুত্র মাহির আহমেদ (৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছেন।
শনিবার সকাল ১১টার দিকে মালিবাগ চৌধুরী পাড়া বাজারের সামনে এ ঘটনা ঘটে।
মাজেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে তার সন্তানকে নিয়ে বাজারে যান। ফেরার পথে রাস্তায় কয়েকটি বোমার শব্দ হয়। এসময় পুলিশের এলোপাতাড়ি গুলিতে তারা দুজন আহত হন।
ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজটোয়েন্টিফোরকে বলেন, “দুজন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় চলে গেছেন।”
দুজনের শরীরেই কয়েকটি ছররা গুলি লাগে।
