নির্বাচনী কাজে না জড়াতে সরকারি কর্মীদের প্রতি আহ্বান বিএনপির
একতরফা নির্বাচনের কাজে যুক্ত না হতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ।
তৃতীয় দফা অবরোধের প্রথম দিন শনিবার পাঠানো এক ভিডিও টেপে তিনি এর পাশাপাশি ঘোষিত তফসিল স্থগিতের জন্যও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।
সালাহউদ্দিন বলেন,“প্রজাতন্ত্রের সব সম্মানীত কর্মকর্তা-কর্মচারীকে আহ্বান জানাই, আপনারা জনগণ এবং রাষ্ট্রের সেবক হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। কোনো ব্যক্তি বা দলের অবৈধ ইচ্ছা বা আদেশ পালনের হাতিয়ার হিসাবে আপনারা ব্যবহৃত হবেন না।”
নির্দলীয় সরকারের দাবির এই আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয় অজ্ঞাত স্থান থেকে পাঠানো বিএনপির যুগ্ম মহাসচিবের এই বার্তায়।
‘একতরফা’ এই নির্বাচনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সায় নেই জানিয়ে তিনি বলেন, “শিক্ষক সমাজের একটি বৃহৎ অংশ দায়িত্ব পালনে অপরাগতা প্রকাশ করেছেন। এরপরও সেই একতরফা নির্বাচন অনুষ্ঠানে জন্য এই অবৈধ সরকার গো ধরে বসে আছে।’’
“আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায় বলে একতরফা প্রহসনের নির্বাচন করতে চায়। আমরা নির্বাচন কমিশনকে আবার আহ্বান জানাই, সরকারের তল্পিবাহক না হয়ে প্রহসনের এই নির্বাচন অবিলম্বে স্থগিত করুন,” ইসির প্রতি আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন বলেন, “জানা গেছে, অবৈধ সরকারের ৩৩ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক মন্ত্রীসহ অনেকেই বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন। আরো ১০৩টি আসনে একক প্রার্থী হওয়ার ব্যবস্থা হচ্ছে।
“আওয়ামী লীগ সব সময় নির্বাচনকে ভয় পায়। প্রধানমন্ত্রীর পিতা বাকশালী সংশোধনীর মাধ্যমে তৎকালীন সংসদকে আরো এক বছর মেয়াদের জন্য নির্বাচিত হওয়ার ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগের সভানেত্রীও আইন জারি করে আরেকবারের জন্য এই সংসদকে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা দিতে পারেন।”
