২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিএম-আইসিপিসি ঢাকা সাইটে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থীদের বিশ্বসেরা প্রোগ্রামিং প্রতিযোগিতা এসিএম-আইসিপিসি ২০১৩ ঢাকা সাইটে চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 09:57 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

এতে দলটি সরাসরি ওয়ার্ল্ড ফাইনালে অংশগ্রহণের সুযোগ পেল।

শুক্রবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ঢাকা সাইটের এই প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত  হয়।

এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সাস্ট আত্মপ্রত্যয়ী’ চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি দল রানার আপ হয়।

সাস্ট আত্মপ্রত্যয়ী দলের তিন সদস্য হলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের তিন শিক্ষার্থী নাফিস আহমেদ, সৈয়দ শাহরিয়ার মজুমদার এবং ইমতিয়াজ শাকিল।

এই দলের কোচ ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক দেবাকর সামান্ত পিকলু।

এসিএম-আইসিপিসি ঢাকা সাইটের বিচারক প্যানেলে পরিচালক শাহরিয়ার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহজালাল ও বুয়েটের এই দুটি দলই ২০১৪ সালের ২১ থেকে ২৬ জুন রাশিয়ায় অনুষ্ঠেয় প্রোগ্রামিং প্রতিযোগিতার ওয়ার্ল্ড ফাইনালে অংশ নেবে।

এর মধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দলটি সরাসরি এবং বুয়েটের দলকে আরো একটি ধাপ পেরিয়ে ওয়ার্ল্ড ফাইনালে অংশ নিতে হবে।

তিনি আরো জানান, ঢাকা সাইটের এই প্রতিযোগিতায় বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের  ৪৩৬টি দল অংশ নেয়। এর মধ্যে প্রাথমিক প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে আজকের এই প্রতিযোগিতায় ১১০টি দল অংশ নেয়। 

দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষে রাতে পুরস্কার বিতরণ করা হয়।