২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ধাক্কায় কার বিধ্বস্ত, স্থানীয়দের অবরোধ

ঢাকা-সিলেট রেল লাইনে নসরতপুর ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার বিধ্বস্ত হওয়ার পর গেইট ও গেইটম্যানের দাবিতে অবরোধ করেছে এলাকাবাসী।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 06:58 PM

Updated : 25 Apr 2022, 07:37 PM

শুক্রবার সকাল সোয়া ৯টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত এ অবরোধ চলাকালে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ দেড়ঘণ্টা বন্ধ থাকে।

শায়েস্তাগঞ্জের সহকারী স্টেশন মাস্টার মুহিন উদ্দিন জানান, প্রাইম ব্যাংক হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক তাজুল ইসলাম ভোরে প্রাইভেটকারে হবিগঞ্জ-নসরতপুর বাইপাস সড়ক দিয়ে ঢাকা যাচ্ছিলেন।

ভোর ৫টা ৫৫ মিনিটে প্রাইভেটকারটি নসরতপুর রেল ক্রসিংয়ে ওঠার পর স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময় শায়েস্তাগঞ্জ থেকে ভৈরবগামী বাল্লা ট্রেনটি আসতে দেখে যাত্রীরা নেমে পড়েন।

এতে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী নসরতপুর রেল ক্রসিংয়ে গেইট এবং গেইটম্যানের দাবিতে বেলা সোয়া ৯টায় আখাউড়া থেকে সিলেটগামী কুশিয়ারা ট্রেনটি আটকে অবরোধ করে।

এতে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস শাহজিবাজার এবং সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ স্টেশনে আটকা পড়ে।

পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে গেইট স্থাপনের আশ্বাস দিয়ে গেইটম্যান হিসেবে তাৎক্ষণিক দুইজন আনসার নিয়োগ দিলে জনতা অবরোধ তুলে নেয়।

বেলা ১০টা ৪৫ মিনিট থেকে পুনরায় রেল চলাচাল স্বাভাবিক হয়।