ম্যান্ডেলার মৃত্যুতে খালেদার শোক
বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলী নেতা বেগম খালেদা জিয়া।
শুক্রবার এক শোক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা বলেন, মাদিবা নেলসন রোলিহালা দালিভুঙ্গা ম্যান্ডেলার মৃত্যুর খবর গভীরতর আঘাত ও বেদনার জন্ম দিয়েছে। আমি নিজের ও দলের পক্ষ থেকে দক্ষিণ আফিকার সরকার ও ম্যান্ডেলার পরিবারের প্রতি হৃদয়ের গভীর থেকে শোক ও সমবেদনা জানাচ্ছি।
দীর্ঘদিন ধরেই ম্যান্ডেলা নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন। জীবনের শেষদিনগুলোতে সংকটাপণ্ন অবস্থায় ছিলেন তিনি। বিশ্বজুড়ে ভক্ত-শুভার্থী সবাই দুঃখভারাক্রান্ত মনে তার প্রস্থানের ক্ষণটির আশঙ্কায় যেনবা দিন গুণছিলেন। অবশেষে বৃহস্পতিরা তিনি মৃত্যুকে আলিঙ্গন করলেন।
বিবিসির বরাতে জানা গেছে, তার (ম্যান্ডেলা) জীবনাবসানের সংবাদটি জানান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা।
খালেদা বলেন, “মানবিক মর্যাদা এবং ধর্ম, বর্ণ ও বিশ্বাস নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে সমতার আনার লড়াইতে তার অমিত সাহস ও ত্যাগ দিয়ে জড়ানো ম্যান্ডেলার সারা জীবন। এই সব সার্বজনীন মূল্যবোধে যারা বিশ্বাস করেন, তাদের জন্য ম্যান্ডেলার জীবন যুগ যুগ ধরে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।
“তার মৃত্যুতে বিশ্ব একজন মহান রাষ্ট্রনায়ককে, প্রতিশোধের পরিবর্তে জাতিকে ঐক্যবদ্ধ করে তিনি উদাহরণ তৈরি করেছিলেন। ম্যান্ডেলা ছিলেন বিরূপতার বিরুদ্ধে বিজয়ের বৈশ্বিক প্রতীক।
“দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে নেলসন ম্যান্ডেলার বাংলাদেশ সফরের সময় তার সঙ্গে আমি সাক্ষাতের সুযোগ ও আনন্দ পেয়েছিলাম। সেই সময়কার ঘটনা দীর্ঘদিন স্মরণে থাকবে।”
১৯৯৭ সালে বাংলাদেশের স্বাধীনতার ২৫ বছরপূর্তির অনুষ্ঠানে যোগ দিতে দেশে এসেছিলেন ম্যান্ডেলা। এই উপলক্ষে এক বড় সমাবেশে তখনকার বিরোধী দলীয় নেতা খালেদাকে ডেকে নিয়ে মঞ্চে ওঠান।
ব্নিপিনেত্রী বলেণ, “তাদের এই দুঃখের সময়ে আমরা সর্বশক্তিমানের কাছে প্রার্থণা করি, অপূরণীয় এই ক্ষতির ধাক্কা সামলে উঠতে ইশ্বর তার পরিবারের সদস্যসহ আফ্রিকার মানুষদের শক্তি ও সাহস দিন।
“আমরা আরো প্রার্থণা করি, ইশ্বরের প্রিয়তম একজন হিসেবে লেনসন ম্যান্ডেলার যথাযথ অবস্থান থাকবে।”
১৯১৮ সালের ১৮ জুলাই জন্ম নেয়া নেলসন রোলিহ্লাহ্লা ম্যান্ডেলা তার নিজের দেশের মানুষের কাছে অনেক বেশি পরিচিত ‘মাদিবা’ নামে, এটি তার গোত্র নাম। নিজের গোত্রে গ্রামীণ জীবন থেকেই তার উত্থান। সেখান থেকেই তিনি আন্দোলন শুরু করেছিলেন সংখ্যালঘু শক্তিমান শ্বেতাঙ্গ সরকারের বিরুদ্ধে।
সেই তুলনারহিত সংগ্রাম তাকে দাঁড় করিয়েছে বিংশ শতাব্দীর সবচেয়ে শ্রদ্ধাস্পদ ও ভালবাসার অন্যতম এক নেতা হিসেবে।
দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছিলেন তিনি। ৩০ বছরের সংগ্রামের পরে দেশটিতে ক্ষমতা কুক্ষিগত করে রাখা সংখ্যালঘু শ্বেতাঙ্গরা ধীরে ধীরে নমনীয় হতে শুরু করলে দেশ পুনর্গঠন ও ক্ষমা ঘোষণা করার ক্ষেত্রেও বিলম্ব করেননি মহান এই নেতা।
১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণে প্রথম নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ১৯৯৯ সালে তিনি রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন।
