ভারতীয় পররাষ্ট্র সচিবের বক্তব্যে নাখোশ জামায়াত
জামায়াতে ইসলামী নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্যকে বাংলাদেশের মানুষের ‘গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপ’ বলে মনে করছে দলটি।
ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিং দুই দিনের বাংলাদেশ সফর শেষে বৃহস্পতিবার ঢাকা ছাড়েন।
বুধবার জামায়াতের ওয়েবসাইটে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুর রহমানের এক বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশ সফরে এসে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের সঙ্গে সাক্ষাৎকালে ‘আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল নির্বাচিত হলে জামায়াত-শিবিরসহ মৌলবাদী শক্তির উত্থান হবে’ মর্মে যে বক্তব্য রেখেছেন তাতে বাংলাদেশের জনগণ বিস্মিত হয়েছে।
“জামায়াতের আহ্বানে সাড়া দেয়ার অধিকার দেশের প্রত্যেক নাগরিকেরই রয়েছে। এক্ষেত্রে জামায়াতের উত্থান ঠেকানোর জন্য ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্য বাংলাদেশের মানুষের ইচ্ছা, আকাখ্ক্ষা, পছন্দ ও গণতান্ত্রিক অধিকারের প্রতি নির্লজ্জ হস্তক্ষেপের শামিল। আমরা এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই।”
বিবৃতিতে আরো বলা হয়, “আমরা আশা করি, ভবিষ্যতে এই ধরনের বক্তব্য প্রদান থেকে বিরত থেকে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ন সম্পর্ক প্রতিষ্ঠায় ভারত সরকার কার্যকর ভুমিকা পালন করবে।”
বুধবার ঢাকা সফরে এসে সুজাতা সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সঙ্গে বৈঠক করেন।
