২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলাশবাড়ীতে আ. লীগ নেতাকে কুপিয়ে জখম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে ‘বিএনপি-জামায়াত’ কর্মীরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 05:28 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

পুলিশ জানায়, বুধবার দুপুরে খাসার বাজারে এ হামলায় আহত হন গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তাফিজার রহমান (৫০)।

গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান বাবলু তার দলীয় পরিচয় নিশ্চিত করেছেন।

এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ নেতাকর্মীরা গোবিন্দগঞ্জে মিছিল বের করে।

পলাশবাড়ী থানার ওসি নাছির উদ্দিন মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খাসার বাজার থেকে দুপুর দেড়টার দিকে বাড়ি ফেরার পথে বাসুদেবপুর-ঠুটিয়াপাকুর সড়কে মোস্তাফিজারকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ১৮ দলের কর্মীরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে।

গোবিন্দগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম জানান, হামলার খবর ছড়িয়ে পড়লে গোবিন্দগঞ্জ উপজেলা সদরে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।

তারা ইসলামী ব্যাংকের গোবিন্দগঞ্জ শাখায় ইটা নিক্ষেপ করে এবং কয়েকজন জামায়াত নেতার বাড়িতে হামলার চেষ্টা চালায়।