মধ্যপাড়া খনিতে ধর্মঘট: সমাধানের উদ্যোগ নেই
সরকার ঘোষিত ২০ ভাগ মহার্ঘ ভাতা ও দক্ষ শ্রমিকদের স্থায়ী নিয়োগসহ ৫ দফা দাবিতে দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি শ্রমিকদের ধর্মঘট চলছে।
খনিতে কর্মরত ৩২০ জন শ্রমিক-কর্মচারী কাজ বন্ধ রাখায় বুধবার ১০ম দিনের মত খনিতে পাথর উত্তোলন বন্ধ রয়েছে।
এখনো সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ফলে প্রতিদিন গুণতে হচ্ছে বিপুল অংকের লোকসান।
কর্তৃপক্ষ বলছে, খনি শ্রমিকদের দাবি সমাধান করবে তাদের নিয়োগকারী ঠিকাদারী প্রতিষ্ঠান, খনি কর্তৃপক্ষ নয়।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লি. (কঠিন শিলা) শ্রমিক কর্মচারী-ইউনিয়নের সভাপতি খায়রুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরুর পর দাবি বিষয়ে খনি কর্তৃপক্ষ কোনো সমঝোতায় এগিয়ে আসেনি। ফলে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট অব্যাহত রয়েছে।
খায়রুল আলম বলেন, খনিতে দৈনিক গড়ে ৫শ মেট্রিক টন পাথর উত্তোলন হয়। এ পাথরের প্রতিটনের বর্তমান মূল্য ২৬ ডলার হিসাবে প্রায় ১০ লাখ ৪০ হাজার টাকা। এ হিসাবে প্রতিদিন বিপুল টাকা লোকসান দিতে হচ্ছে।
এদিকে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মঈন উদ্দিন শ্রমিক ধর্মঘট ও পাথর উত্তোলন বন্ধের বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই শ্রমিকরা কোম্পানির নিয়োগপ্রাপ্ত নয়। তারা ‘ব্লুস্টার’ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের অধীনে নিয়োগ পেয়ে এখানে কাজ করছে।
“তাই তাদের দাবি ওই ঠিকাদারী প্রতিষ্ঠান দেখবে। আমাদের এ বিষয়ে কিছু করার নেই,” বলেন তিনি।
শ্রমিকদের অন্য দাবিগুলো হল ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল, ডিপ্লোমা শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়া চালু এবং অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ করা।
