পীরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ৬
রংপুরের পীরগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় ছয়জনকে আটক করেছে পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আংরার সেতু এলাকায় এ সংঘর্ষের সময় আটককৃতরা হলেন-ফারুক হোসেন, আবু হানিফ, সাজেদুল ইসলাম, আব্দুল গফফার, মেজবাহ ও মেরিন মিয়া।
পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, “বেলা ১২টায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আংরার সেতু অবরোধ করে বিক্ষোভ করছিল। এ সময় পুলিশ এসে বিনা উস্কানিতে বেধড়ক লাঠিপেটা করে। এতে ১৫-১৬ জন নেতাকর্মী আহত হয়।
পুলিশ এ সময় যুবদল ও ছাত্রদলের ছয়কর্মীকে আটক করেছে।
পীরগঞ্জ থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর করছিল। অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে তারা আমাদের লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করে পুলিশ।
এসময় ছয়কর্মীকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।
