চালকের পর মারা গেলেন সহকারীও
অবরোধকারীদের ছোড়া হাতবোমায় নিয়ন্ত্রণ হারানো কভার্ড ভ্যানের চালকের পর সহকারীও মারা গেছেন।
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সহকারী মিজানুর রহমান (২০)।
নিহত মিজানুর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুরের অবদুল খালেকের ছেলে।
বার্ন ইউনিটের প্রধান ডা মৃণাল কান্তি দাশ, মিজানুরের শরীরে বাইরের অংশে খুব বেশি ক্ষতি হয়নি। কিন্তু শরীরের অভ্যন্তরে ক্ষতের সৃষ্টি হয়েছিল।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, বিকাল ৫টার দিকে মিজানুর মারা গেছেন।
সোমবার রাত পৌনে ২টার দিকে বন্দর নগরীর ইপিজেড থানাধীন সি মেনস গেইট এলাকায় কর্ভাড ভ্যান লক্ষ্য করে হাত বোমা ছুড়ে মারে অবরোধকারীরা।
কাভার্ড ভ্যানে হাতবোমা বিস্ফোরণের পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক মাহবুব আলম (২৩) মারা যান।
আহত হন কাভার্ড ভ্যানটির দুই সহকারী সুমন কুমার দাশ ও মিজানুর রহমান।
আহত সুমন কুমার চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
