২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় আবার আ. লীগ নেতাকে পিটিয়ে হত্যা

দুজনকে পিটিয়ে হত্যার এক সপ্তাহের মাথায় সাতক্ষীরায় আবার আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে মেরেছে বিএনপি-জামায়াত কর্মীরা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2013, 06:50 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার তালবাড়িয়ায় সাতক্ষীরা-ভোমরা সড়কে এ হামলায় নিহত গিয়াস উদ্দিন (৩২) সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।

তিনি শহরের ইটাগাছি এলাকার মনিরউদ্দিনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার দেবহাটা উপজেলায় পুলিশ, র‌্যাব ও বিজিবির সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হওয়ার পর এ হত্যাকাণ্ড হল। জামায়াত ওই দুজনকে তাদের কর্মী বলে দাবি করছে।

সদর থানার ওসি এনামূল হক জানান, পৌনে ৬টার দিকে গিয়াস ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে করে ভোমরা স্থলবন্দর যাচ্ছিলেন। পথে বিএনপি-জামায়াত কর্মীরা তার গতিরোধ করে এবং মোটরসাইকেল থেকে নামিয়ে ঘটনাস্থলেই পিটিয়ে হত্যা করে।

এর আগে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) তফসিল প্রত্যাখ্যান করে বিরোধী দলীয় জোটের ডাকা অবরোধের প্রথম দিন কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু এবং স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে পিটিয়ে মেরে ফেলে জামায়াত-শিবির কর্মীরা।