দিনাজপুরে অবরোধকারীদের হামলায় পুলিশ আহত
দিনাজপুরে মহাসড়ক থেকে অবরোধকারীদের সরাতে গিয়ে পাল্টা হামলায় পুলিশের এক সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার সকালের এ ঘটনায় গুরুতর আহত কন্সটেবল আবু সাইদকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গোপালগঞ্জে দিনাজপুর-রংপুর মহাসড়কে এ ঘটনায় আহত কনস্টেবল মাথায় ও হাতে আঘাত পেয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে ৭/৮ জন পুলিশের একটি টহল দল অবরোধকারীদের সরিয়ে দেয়ার সময় আব্দুল লতিফ নামে এক ব্যক্তিকে আটক করে। বিক্ষুধ্বরা লতিফকে ছাড়াতে পুলিশের উপর হামলা করে। একপর্যায়ে তাকে ছেড়ে দিয়ে পিছু হটে পুলিশ।
এ সময় অবরোধকারীদের ছোড়া ইটের আঘাতে কনস্টেবল সাইদ তার অস্ত্রসহ মাটিতে পড়ে যান। সেখানে তাকে পিটিয়ে আহত করে পালিযে যায় হামলাকারীরা।
