সাতক্ষীরায় সংঘর্ষ, দুই কর্মী নিহতের দাবি জামায়াতের
অবরোধের মধ্যে সাতক্ষীরার দেবহাটায় পুলিশ, র্যাব ও বিজিবির সঙ্গে সংঘর্ষে দুই শিবিরকর্মী নিহত হয়েছে বলে দাবি করেছে জামায়াত।
সাতক্ষীরার দেবহাটা থানার ওসি তারক বিশ্বাস জানান, সোমবার গভীর রাতে যৌথবাহিনী সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের ব্যারিকেড সরাতে অভিযান শুরু করলে জামায়াত-শিবির কর্মীরা সংঘর্ষে জড়ায়। এরপর সকালেও দফায় দফায় সংঘর্ষ চলে।
এই সংঘর্ষে দুই শিবিরকর্মী নিহত হয়েছেন বলে জেলা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হলেও পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমান বলেন, হোসেন আলী ও আরিজুল ইসলাম নামে দুই শিবিরকর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছে।
হোসেনের বাড়ি দেবহাটা উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামে; আরিজুলের বাড়ি গড়ান বাড়িয়া গ্রামে। লাশ তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলে আজিজুর রহমান জানান।
বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল কে এম ইমাম আহসান জানান, বিরোধীদলের অবরোধের মধ্যে শনিবার থেকেই সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গাছ ফেলে ব্যারিকেড দেয়। ফলে দেবহাটা, কালিগঞ্জ ও শমনগরের সঙ্গে জেলা শহরের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ওই ব্যারিকেড সরাতেই সোমবার রাত ২টার দিকে যৌথ বাহিনীর অভিযান শু্রু হয়। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামানও এই অভিযানে অংশ নেন।
ভোর ৪টার দিকে যৌথ বাহিনী দেবহাটার করানবাড়িয়া পর্যন্ত পৌছালে অবরোধকারীরা ইট ছুড়ে ও হাতবোমা ফাটিয়ে হামলা শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শতাধিক রাউন্ড শটগানের গুলি, রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। এতে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
সেখান থেকে সাতক্ষীরায় ফেরার সময় যৌথবাহিনী সখিপুর মোড়ে এলে জামায়াত সমর্থকরা আবার বাধা দেয়। সেখানেও ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে।
দেবহাটার ওসি তারক বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি অভিযানে ছিলাম না, তবে নিহতের বিষয়ে খবর নেয়া হচ্ছে।”
