২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপরিবহন চললেও বন্ধ দূরপাল্লার বাস

বিরোধী দলের অবরোধের চতুর্থ দিনে রাজধানীতে গণপরিবহন চললেও বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2013, 11:20 AM

Updated : 23 Aug 2022, 07:23 PM

মঙ্গলবার সকালে রাজধানীর বিভিন্ন রুটে বাস চলতে দেখা গেছে। চলছে রিকশা, অটোরিকশাসহ হালকা যানবাহন।

নাশকতা এড়াতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সকাল থেকে গুলিস্তান-আব্দুল্লাহপুর রুটের ৩ নম্বর বাস, গুলিস্তান-গুলশান রুটের ৬ নম্বর, গুলিস্তান ও মতিঝিল থেকে মোহাম্মদপুর ও মিরপুর রুটের বিভিন্ন কোম্পানির বাস চলতে দেখা গেছে। চলছে অন্যান্য রুটের বাসও। অবরোধের অন্যান্য দিনের তুলনায় এদিন রাজধানীর সড়কে গণপরিবহনের সংখ্যাও বেশি।

রাজধানীর সায়েদাবাদ,  মহাখালী ও গাবতলী থেকে থেকে দূরপাল্লার কোনো বাস না ছাড়লেও ভোর থেকে রাজধানীর আশপাশের জেলাগুলোর বাস চলাচল করছে বলে জানিয়েছেন পুলিশের ডেমরা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম।

অবরোধকারীরা চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথের প্রায় ৫০ ফুট লাইন উপড়ে ফেললেও বিকল্প লাইন থাকায় তাতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

রাজধানী থেকে লঞ্চ চলাচল রয়েছে স্বাভাবিক।

বিআইডব্লিউটিসির টিআই মো. সোলায়মান জানান,  সকালে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে তিনটি লঞ্চ ছেড়ে গেছে। আর সদরঘাটে এসে পৌঁছেছে ২৯টি লঞ্চ।

আগের দিন সদরঘাট থেকে ৫৪টি লঞ্চ ছেড়ে যায় এবং ৪৪টি লঞ্চ দক্ষিণাঞ্চল থেকে সদরঘাটে আসে।

লালবাগ পুলিশের অতিরিক্ত উপকমিশনার আবদুস সালাম জানান,  মঙ্গলবার সকাল থেকে অবরোধের সমর্থনে বিরোধী দলের কোনো মিছিল বা কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।

“কোনো ঝামেলার খবর এখনো পাইনি। রাজধানীতে বিভিন্ন ধরনের পরিবহনে মানুষ চলাফেরা করছে,” বলেন তিনি।

নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে গত ২৬ নভেম্বর থেকে ৭১ ঘণ্টার অবরোধের পর শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে দ্বিতীয় দফায় শনিবার ভোর থেকে ৭২ ঘণ্টার অবরোধের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট। পরে তা আরো ৫৯ ঘণ্টা বাড়িয়ে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত করা হয়।