পেট্রোল বোমায় দগ্ধ আরেকজনের মৃত্যু
পটুয়াখালীতে অবরোধের প্রথম দিনে পেট্রোল বোমায় দগ্ধ এক বৃদ্ধ তিন দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে মারা যান মাওলানা আবদুস সাত্তার (৬৫)।
এ নিয়ে বিরোধী দলের হরতাল-অবরোধের মধ্যে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলে আসা দশ জনের মৃত্যু হলো।
নিহতের ভাতিজা রেজাউল করিম হাসপাতালে সাংবাদিকদের বলেন, গত শনিবার সন্ধ্যায় পটুয়াখালী সদরের বদরপুর এলাকায় একটি নসিমনে অবরোধকারীদের পেট্রোল বোমায় দগ্ধ হন সাত্তার।
“কাকা পিরোজপুরের স্বরূপকাঠিতে এক ওয়াজে বক্তৃতা দিয়ে সদরের জৈনকাঠিতে বাড়িতে ফিরছিলেন। পথে তার নসিমনে বোমা পড়ে।”
প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলেও রোববার তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
সাত্তারের শরীরের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন।
এক ছেলে চার মেয়ের বাবা সাত্তার এক সময় পঙাশিয়া কামিল মাদ্রাসার প্রভাষক ছিলেন। দুই বছর আগে তিনি ওই মাদ্রাসা থেকে অবসরে যান।
