২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ৫ চেয়ারম্যান বরখাস্ত, মঙ্গলবার হরতাল

নওগাঁর বদলগাছীতে হরতালের মামলায় বিএনপিপন্থী পাঁচ চেয়ারম্যান ও এক ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 09:12 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

এর প্রতিবাদে  মঙ্গলবার বদলগাছীতে সকাল থেকে  দুপুর ২টা পর্যন্ত হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

চেয়ারম্যানদের বরখাস্ত হওয়ার খবরটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) এনামুল হক।

তিনি জানান, সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-২ শাখা উপসচিব আবু তাহের মুহাম্মদ জাবের স্বাক্ষরিত একটি চিঠি বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছেছে।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী জনস্বার্থে পাঁচ ইউপি চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানান ডিসি।

বরখাস্ত পাঁচ চেয়ারম্যান হলেন, বদলগাছী সদর ইউপির এম এম গফুর,  কোলা ইউপির গোলাম রাব্বানী মুকুল, মথুরাপুরের আব্দুল হাদী চৌধুরী টিপু, পাহাড়পুরের সুলতান মাহমুদ এবং  বালুভরার আল এমরান। এছাড়া বরখাস্ত ফিরোজ হোসেন বালুভরা ইউপির সদস্য।

পদ হারানো চেয়ারম্যানদের অভিযোগ, হয়রানি করার জন্য অন্যায়ভাবে তাদের বরখাস্ত করা হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম জাকিতুল্লাহ জানান, গত ১৮ মার্চ বিএনপিসহ ১৮ দলের ডাকে সারাদেশের ন্যায় বদলগাছীতেও শান্তিপূর্ণ হরতাল পালিত হয়।

ওইদিন সকাল ১০/১১টার দিকে স্থানীয় আওয়ামী লীগ হরতাল প্রতিরোধ গড়ে তুললে দুপক্ষের মধ্যে মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হয়।

এ ঘটনায় পাঁচ চেয়ারম্যানসহ ৭৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১৫শ জনকে আসামি করে  থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন বিলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আফছার আলী।

এছাড়া ঘটনার দিন সরকারি কাজে বাধা ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পুলিশ বাদী হয়েও একটি মামলা করে বলে জানান বাদলগাছী থানার ওসি লেনিন আলমগীর।

ভাংচুর, মারপিট ও নির্যাতনের অভিযোগে বিলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আফছার আলী দ্রুত বিচার আইনে অপর মামলাটি করেন বলে নিশ্চিত করেছেন তিনি।