নারায়ণগঞ্জে আইনজীবী খুন
নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে এক আইনজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোরে পাগলা দেলপাড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত মো. মালেক রাজীব (২৯) মহাখালী ডিওএইচএসের বাসিন্দা প্রয়াত অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হকের ছেলে।
ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, ভোরে ফতুল্লার দেলপাড়া এলাকায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গুরুতর অবস্থায় ওই যুবককে উদ্ধার করে শহরের খানপুরে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।
ওসি বলেন, তার বুকে দুটি সুক্ষ্ম ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে- গুলি করে অথবা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
