২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে সুপ্রিম কোর্টে পাল্টাপাল্টি কর্মসূচি

১৮ দলীয় জোটের ডাকা অবরোধের পক্ষে-বিপক্ষে মিছিল-সমাবেশ হয়েছে দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সুপ্রিম কোর্ট প্রতিবেদক, বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 04:40 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

সোমবার দুপুরে ওই কর্মসূচির এক পর্যায়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে মুখোমুখি হয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীরা। তবে পাল্টাপাল্টি স্লোগানের বেশি কিছু ঘটেনি।

সকাল সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন শুরু করে। ‘দেশব্যাপী বোমাবাজি, হরতাল, নৈরাজ্য, আদালত অঙ্গনে মিছিল ও বিশৃঙ্খলার প্রতিবাদে’ এই কর্মসূচি ডাকা হয়।

মানববন্ধনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি বাসেত মজুমদার বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে বিএনপি জামায়াতের সঙ্গে মিশে গেছে। এখন তারা রাজপথে জ্বালাও পোড়াও করছে।

“এই অবস্থার অবসান করতে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। সে জন্য আইনজীবীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।”

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এএম আমিন উদ্দিন, শ ম রেজাউল করিম প্রমুখ।

মানববন্ধনের পর তারা মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি বিভিন্ন করিডোর প্রদক্ষিণ করে।

আওয়ামীপন্থীদের মানববন্ধন চলাকালে বিএনপি সমর্থক আইনজীবীরা সমিতি ভবনে মিছিল শুরু করে। মিছিল নিয়ে সমিতি ভবন থেকে বের হওয়ার সময় উভয়পক্ষ অবরোধের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি স্লোগান দেয়।

পরে বিএনপি সমর্থকরা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমিতি ভবনের দক্ষিণ হলে সমাবেশ করে।

সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, “আওয়ামী লীগের মিছিলে এত লোক কিভাবে হল? এখানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল ও গোয়েন্দা সংস্থার লোকজন অংশ নিয়েছে।

“আগামী দিনে তারা মিছিলে অংশ নিলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ঘেরাও করা হবে।”

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন, তৈমুর আলম খন্দকার, রুহুল কুদ্দুস কাজল, রাগিব রউফ চৌধুরী প্রমুখ।