রিমান্ডে থাকা ২ সাংবাদিকের জামিন
বিরোধী জোটের অবরোধ চলাকালে বোমা বিস্ফোরণে প্ররোচনার অভিযোগে পুলিশ হেফাজতে থাকা আরটিভির দুই সাংবাদিক জামিন পেয়েছেন।
সোমবার ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূইয়া বেসরকারি এই টেলিভিশনের প্রতিবেদক তামজিদ রনি ও ক্যামেরাপার্সন প্রশান্ত মোদককের জামিন মঞ্জুর করেন।
একই বিচারক রোববার এই দুজনকে চার দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছিলেন।
শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীর চর থানার এসআই রাসুল সামদানি আজাদ তাদের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে বলে আদালতে প্রতিবেদন দেন।
এদিকে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোহাম্মদ আশরাফও আসামি পক্ষের জামিন আবেদনের বিরোধিতা করেননি।
আসামিদের আইনজীবী সৈয়দ আহমেদ গাজী আদালতে বলেন, ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্খিত। এটি এক ধরনের ভুল বুঝাবুঝি।
কামরাঙ্গীর চর থানার ওসি শেখ মহসিন আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে অবরোধকারীরা কামরাঙ্গীর চরে মিছিল বের করে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এসময় ঘটনাস্থল থেকে তামজিদ ও প্রশান্তকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
