২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পুলিশের ওপর বোমা

বিরোধী দলের অবরোধের মধ্যে রাতে রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছেন দুই পুলিশ কনস্টেবল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 11:55 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

টানা ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন রোববার রাতে আগারগাঁওয়ে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের (দুদক)সাবেক চেয়ারম্যান গোলাম রহমানের গুলশানের বাড়িতেও বোমা ছোড়া হয়েছে।

রাত সাড়ে ৮টার দিকে ছোড়া এই বোমায় গোলাম রহমানের ব্যক্তিগত গাড়িচালক এবং বাড়ির তত্ত্বাবধায়ক আহত হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার নূরুল আলম।

আহত গাড়িচালক আলী নূর (৩০) এবং তত্ত্বাবধায়ক আব্দুল কুদ্দুসকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলী নুরের দুই পা এবং কুদ্দুসের বাম উরু জখম হয়েছে।

বোমা ছোড়ার সময় গোলাম রহমান সপরিবারে বাসায় ছিলেন বলে জানান পুলিশ কর্মকর্তা আলম।

এর আগে পৌনে ৮টার দিকে আগারগাঁওয়ে বিএনপি বস্তি এলাকায় পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়।

এতে আহত শেরে বাংলা নগর থানার কনস্টেবল মো. মান্নান ও মো. হাবিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়াও একই সময়ে তেঁজগাও থানা সংলগ্ন পুলিশের একটি তল্লাশি চৌকি লক্ষ্য করে দুর্বৃত্তরা ৪/৫টি হাতবোমা  ছোড়ে বলে উপ পুলিশ কমিশনার বিপ্লব সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

বোমাগুলো বিকট শব্দে বিস্ফোরিত হলেও এতে কেউ হতাহত হয়নি।

রাত সাড়ে ১১টার দিকে বনানীর কাছে আর্মি স্টেডিয়ামের সামনে প্রধান সড়কের কাছে দুটি হাতবোমা বিস্ফোরিত হয়। সেখানে বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব চলছে।

রাত পৌনে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের বাসার পেছনে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপাচার্যের বাসভবনের দক্ষিণ দিকে ফুলার রোডের পাশের গলিতে পরপর দুটি হাতবোমা বিস্ফোরিত হয়।

এছাড়াও বাংলা একাডেমীর সামনে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত সময়ে পরপর কয়েকটি হাতবোমা বিস্ফোরিত হয়।

এর আগে দুপুরে উপাচার্যের কার্যালয়ের সামনে নর্দমার পাশে একটি ব্যাগে তিনটি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।

রাত পৌনে ৮টার দিকে শাহবাগের দক্ষিণ পাশের সড়কে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

পুরনো খবর:

তিতুমীর কলেজের সামনে হাতবোমায় আহত ২
বোমা ফাটিয়ে বাস থামিয়ে আগুন