২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতুমীর কলেজের সামনে হাতবোমায় আহত ২

বিরোধী দলের অবরোধের মধ্যে রাজধানীর তিতুমীর কলেজের সামনে হাতবোমা বিস্ফোরণে এক শিক্ষার্থীসহ দুইজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 03:50 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা আড়াইটার দিকে কলেজের মূল ফটকের পাশে পরপর চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

ওই এলাকায় কর্তব্যরত পুলিশকে লক্ষ্য করে আশেপাশের উঁচু ভবন থেকে এসব হাতবোমা ছোড়া হয় বলে বনানীর ওসি ভূঁইয়া মাহবুব হাসান জানান।

এ সময় কলেজের ছাত্র ও মহাখালী মেট্রোপলিটন হাসপাতালের কর্মী হৃদয় রায় ও মোখলেছুর রহমান নামের এক পথচারী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসক মুনীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হৃদয়ের পেটে ও হাতে আঘাত লেগেছে। মোখলেছুর রহমান আঘাত পেয়েছেন মাথায়।

মেট্রোপলিটন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর মোখলেছকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

হাসপাতালে চিকিৎসাধীন হৃদয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি কলেজের সামনে একটি দোকানে ফটোকপি করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণে তিনি আহত হন।

ওই ঘটনার পরপরই পুলিশ সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলে এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

এরপর ঘটনাস্থলের পাশে দুটি ভবনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় দুটি ভবন ও সড়ক থেকে মোট ৩১জনকে আটক করে ভ্যানে তুলতে দেখা যায়।

ওই এলাকার কয়েকটি ভবনে তিতুমীর কলেজসহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেস করে থাকে বলে এলাকাবাসী জানায়।

বনানী থানার ওসি ভূঁইয়া মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্দেহভাজন হিসাবে জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাদের আটক করেছি।”