অবরোধ-হরতালে সংঘর্ষ-ভাংচুর-অগ্নিসংযোগ
টানা ৭২ ঘণ্টার অবরোধের মধ্যেই কয়েকটি জেলায় রোববার ও সোমবার হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট ও বিএনপি।
হরতাল ও অবরোধে বিভিন্ন স্থানে ১৮ দলীয় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। হাতবোমার বিস্ফোরণ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ
ফেনীর দুই উপজেলায় হরতাল
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফেনীর সন্তান বেলাল আহমেদকে গ্রেপ্তারের প্রতিবাদে টানা ৭২ ঘণ্টা অবরোধের মধ্যেই ফেনীর ছাগলনাইয়া ও সোনাগাজী উপজেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল করছে দলটি।
জেলার বিভিন্ন স্থানে হাতবোমার বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, টায়ারে অগ্নিসংযোগ এবং পুলিশ-শিবির সংঘর্ষ হয়েছে। জেলা শহরে পুলিশ একজনকে আটক করেছে।
ফেনী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, দুপুর ১২টার দিকে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের পাঠানবাড়ী মোড় থেকে জামায়াত-শিবির মিছিল বের করে।
মিছিলটি ইসলাম পুর মোড়ে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। এ সময় অবরোধকারীরা একটি মালবাহী টেম্পু ভাংচুর এবং টায়ারে অগ্নিসংযোগ করে।
এরপর মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল মোড়ে গিয়ে পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে।
এ সময় পুলিশ তির রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ওসি আরো বলেন, ফেনী প্রেসক্লাবের সামনে পিকেটাররা একটি মোটরসাইকেল ভাংচুর করার পর পুলিশ এক যুবককে আটক করেছে।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খালেদ মাহমুদ জানান, ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার আইন শৃংখলা রক্ষায় বিজিবি চাওয়ায় শহরে দুই প্লাটুন বিজিবি মোতায়েনে করা হয়েছে। প্রয়োজনে এর সংখ্যা বাড়ানো হতে পারে।
ছাগলনাইয়া ও সোনাগাজী উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালে বিভিন্ন স্থানে মিছিল ও সড়কে টায়ারে অগ্নিসংযোগ করেছে পিকেটারা।
অবরোধের কারণে সকাল থেকে শহরের বড় বড় মার্কেট গুলো খোলা না হলেও অনেক দোকানপাট খোলা ছিল। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি কম ছিল।
শহরে রিক্সা, সিএনজি অটোরিকশা চললেও ভারি যানবাহন চলাচল করেনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরে হরতাল
অবরোধ ছাড়াও রোববার দিনাজপুরের সব উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল করছে ১৮ দলীয় জোট।
বৃহস্পাতিবার দিনাজপুর সরকারি কলেজ মোড়ে ১৮ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশে হামলার প্রতিবাদে ১৮ দল এ হরতাল ডাকে।
হরতালের সমর্থনে সকালে শহরে জোটের নেতাকর্মীরা মিছিল করে এবং টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
জামালপুরে হরতাল
জামালপুরে হরতাল
বিএনপি ও যুবদলের পাঁচ নেতাকর্মীকে ভ্রাম্যমাণ আদালতের সাজা দেয়ার প্রতিবাদে জামালপুরে রোববার অর্ধদিবস হরতাল ডেকেছে বিএনপি।
শনিবার অবরোধে পিকেটিং করার সময় পুলিশ বিএনপি ও যুবদলের ৫ নেতাকর্মীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে দেয়। এরপর তাদের একমাসের কারাদণ্ড দেয়া হয়।
জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার জানান, হরতালের সমর্থনে শনিবার সন্ধ্যায় ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিল থেকে যানবাহন, দোকানপাট ভাংচুর ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।
সদর থানার এএসআই ফারুকুল ইসলাম বাদী হয়ে করা এই মামলায় জেলা জামায়াতের সেক্রেটারি হারুন অর রশীদ ও জেলা ছাত্রদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীবসহ বিএনপি ও জামায়াত-শিবিরের ১৬২ নেতাকর্মীকে আসামি করা হয়।
ওই মামলায় পুলিশ শনিবার রাতেই জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী, শহর বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, বিএনপি কর্মী ওমর ফারুক ও সাইফুল ইসলাম রবিনকে গ্রেপ্তার করেছে।
ময়মনসিংহের ভালুকায় সোমবার হরতাল
ভালুকা উপজেলায় দুপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ এবং দুজনকে আটক করার ঘটনায় সোমবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।
ভালুকায় দুপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া, রাবার বুলেট নিক্ষেপের ঘটনায় পুলিশ ও বিএনপির কেন্দ্রীয় নেতা ফখর উদ্দিন বাচ্চুসহ অন্তত ১০ জন আহত হয়। পুলিশ দুইজনকে আটক করেছে।
এর প্রতিবাদে ভালুকা উপজেলায় সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নেতা ফখর উদ্দিন বাচ্চু।
ভালুকা মডেল থানার ওসি মোতালেব মিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে।
নোয়াখালী অবরোধ
নোয়াখালী
জেলা শহরের সোনাপুর-মাইজদী সড়কে টায়ারে ইট, বালি ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী সড়ক থেকে প্রতিবন্ধকতা অপসারণ করে।
নাশকতা সৃষ্টির অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
শহরের বিশ্বনাথ, রশিদ কলোনী, পৌর বাজার, দত্তেরহাট, নতুন বাসস্ট্যান্ড এলাকায় সড়কে অবস্থান নিয়ে খন্ড খন্ড মিছিল বের করে বিএনপি ও জামায়াতের কর্মীরা।
এছাড়া চৌমুহনী-মাইজদী, কবিরহাট-সোনাপুর, কোম্পানিগঞ্জ-কবিরহাট, সদর উপজেলার বাঁধেরহাট-মাইজদী, সেনবাগর-সেবারহাট-জমিদারহাট, সোনাইমুড়ি-চাটখিল সড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন দিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে।
পুলিশ সুপার আনিসুর রহমান জানান, শহর জুড়ে পুলিশের পাশাপাশি র্যাব টহল দিচ্ছে।
