রোববার জামালপুরে হরতাল
ভ্রাম্যমাণ আদালতে পাঁচ নেতাকর্মীকে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে রোববার জামালপুর জেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে বিএনপি।
শনিবার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জেলা সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন এই ঘোষণা দেন।
সকালে জেলা শহরের ফেরিঘাট এলাকায় একটি বরযাত্রীবাহী গাড়িতে হামলা চালানোর চেষ্টা করলে বিএনপি ও যুবদলের পাঁচ নেতাকর্মীকে একমাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
ভাংচুর, সংঘর্ষ
এদিকে সংবাদ সম্মেলন শেষে হরতালের সমর্থনে জেলা বিএনপির কার্যালয় থেকে ১৮ দলীয় জোট বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের স্টেশন রোড থেকে বকুলতলা যাওয়ার সময় প্রধান সড়কের দুইপাশে অর্ধশতাধিক যানবাহন, দোকানপাট ও দুটি ব্যাংকের গ্লাস ভাংচুর করে।
মিছিলটি তমালতলায় পৌছলে পুলিশের সঙ্গে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এতে অন্তত ২০ জন আহত হয়।
জামালপুর সদর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার জানান, হরতালের সমর্থনে মিছিল থেকে যানবাহন ও দোকানপাট ভাংচুর করা হলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় পুলিশ শহর বিএনপির সহসভাপতি লিয়াকত আলীসহ তিন জনকে আটক করেছে।
