২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনিরামপুরে ইউএনওর মাথা ফাটিয়েছে অবরোধকারীরা

যশোরের মণিরামপুরে বিএনপি-জামায়াত কর্মীদের হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ওসিসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 08:29 PM

Updated : 25 Apr 2022, 07:36 PM

শনিবার দুপুরে এ হামলা চলাকালে ইউএনওর গাড়ি ভাংচুর করা হয় বলেও পুলিশ জানায়।

স্থানীয় হাসপাতালে ইউএনও শরীফ নজরুল ইসলামের মাথায় আটটি সেলাই দেয়া হয়েছে। এছাড়া হাত ও পা ভেঙ যাওয়ায় দুই পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

মণিরামপুর থানার ওসি মীর রেজাউল ইসলাম জানান, ২০/২৫ জন পুলিশসহ ইউএনও উপজেলার চালকিডাঙ্গা বাজারে রাস্তা অবরোধে ব্যবহৃত কাঠ জব্দ করতে যান।

এ সময় সেখানে উপস্থিত জামায়াত নেতা হুমায়ূন কবীর মুক্তাকে আটকের নির্দেশ দেন ইউএনও। এতে উত্তেজিত অবরোধকারীরা তিন রাউন্ড গুলি ছোড়ে ও ২০/২৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

হামলায় মাথায় আঘাত পান ইউএনও। ভাংচুর করা হয় তার গাড়িও।

এ ঘটনায় পুলিশ এগিয়ে এলে তাদের উপরও হামলা করা হয়। হামলায় ওসি মীর রেজাউল ইসলামসহ নয় পুলিশ সদস্য আহত হন।

তাদের মধ্যে থানার সেকেন্ড অফিসার এসআই নিশিকান্তের একটি হাত ও কনস্টেবল ইদ্রিস আলীর একটি পা ভেঙ্গে যায় বলে জানান ওসি।

নিরাপত্তার স্বার্থে ইউএনওকে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সমরেশ দত্ত জানান, আহত ইউএনও শরীফ নজরুল ইসলামের মাথায় আটটি সেলাই লেগেছে।