২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুল লতিফ বিশ্বাস বাদ, সিরাজগঞ্জে ক্ষোভ

সিরাজগঞ্জ-৫ আসনে সদ্য বিদায়ী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আসন্ন নির্বাচনে মনোনয়ন না দেয়ায় বেলকুচি ও চৌহালী উপজেলা এবং এনায়েতপুর থানা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 07:07 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

এ সিদ্ধান্তের প্রতিবাদে দলের এ তিন উপজেলা ও থানার সব নেতা পদত্যাগের ঘোষণা দেন। তবে, সমাবেশ করে এই পদত্যাগী নেতারাই মনোনয়ন সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

সদ্য পদত্যাগী দলের বেলকুচি উপজেলা সভাপতি ইউসুফজী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

শুক্রবার দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচন প্রত্যাশীদের মনোনয়ন ঘোষণা করা হয়।

এতে সিরাজগঞ্জ-৫ আসনে আব্দুল লতিফ বিশ্বাসকে না দিয়ে মনোনয়ন দেয়া হয় সিরাজগঞ্জ জেলা পরিষদ প্রশাসক শিল্পপতি আব্দুল মজিদ মণ্ডলকে।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান বলেন, তিনি নেতাদের পদত্যাগের খবরটি শুনেছেন। কয়েকজন নেতা তাকে ফোনে বিষয়টি জানিয়েছেনও। তবে, এখনো কোনো কাগজ পাননি।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

এদিকে আব্দুল লতিফ বিশ্বাসকে মনোনয়ন না দেয়ায় শনিবার দুপুরে কয়েকটি স্থানে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

সকাল থেকে বিকেল পর্যন্ত বিক্ষুব্ধ নেতাকর্মীরা এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন।

বেলকুচি উপজেলার মুকুন্দকাঠি বাজারে সমাবেশে বক্তব্য দেন দেলের উপজেলার সদ্য পদত্যাগী সভাপতি ইউসুফজী খান, সহ-সভাপতি লুৎফর রহমান মাখন, এনায়েতপুর থানার সদ্য পদত্যাগী সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সিরাজ বেলকুচি উপজেলা জাসদের সাধারণ সম্পাদক খালিদ আল মামুন প্রিন্স প্রমুখ।

সমাবেশে বক্তারা মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানান।