২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বোমা, আগুন, ভাংচুর

অবরোধে ফেনীতে যাত্রীবাহী বাস ও রিকশায় আগুন দিয়েছে পিকেটাররা। কয়েকটি অটোরিকশা ভাংচুর করেছে। এছাড়া শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 04:25 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

দাগনভূঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, শনিবার ভোর ৪টার দিকে ফেনী-নোয়াখালী সড়কে দাগনভূঞার বাংলাবাজার এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়।

এসময় চট্রগ্রাম থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী বাসে লুটপাট চালানো হয়। বাধা দিলে দুর্বৃত্তরা বেশ কয়েকজন যাত্রীকে ছুরিকাঘাত করে বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

ছুরিকাঘাতে আহতদের একজনকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও তিনজনকে লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো বলেন, পুলিশ বাসে অগ্নিসংযোগের ঘটনায় দাগনভূঞা থানায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৭০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, দুপুর ১২টার দিকে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে পাঠানবাড়ি মোড়ে অবরোধকারীরা দুইটি রিকশায় আগুন দেয়। এসময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা।

বিএনপি ও জামায়াত শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেচে। এসময় তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহিপাল, শান্তি  কোম্পানি সড়ক, পুরাতন পুলিশ কোয়াটার এলাকায় বিক্ষিপ্ত ককটেল ও পটকার বিস্ফোরণ ঘটায়।

পুলিশ মহিপাল বাজার এলাকা থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে বলেন পরিদর্শক আবুল কালাম।

যানবাহন না চলায় জেলার সঙ্গে সকল উপজেলার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা হয়েছে।

নির্দলী সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত ১৮ দলীয় জোট শনিবার সারাদেশে দ্বিতীয় দফায় ৭২ ঘণ্টার অবরোধ করছে নির্বাচনের তফসিল ঘোষণার পর। প্রথম দফায় অবরোধ করেছিল ৭১ ঘণ্টার অবরোধ।